বিদায় উমবের্তো একো এবং হারপার লি

বহুপ্রজ আর্জেন্টাইন গল্পকার হোর্হে লুইস বোর্হেস একটাও উপন্যাস লেখেননি। যদি লিখতেন, বলা হয়, সেগুলো চেহারা-সুরতে উমবের্তো একোর উপন্যাসের মতো হতো। বিপরীতে উমবের্তো একো একটাও গল্প লেখেননি জীবনে। যদি লিখতেন, সেগুলো বোর্হেসের গল্পের মতো হতো কি না, যাচাই করার আর অবকাশ থাকল না। ১৯ ফেব্রুয়ারি ৮৪ বছর বয়সে দেহত্যাগ করেছেন ইতালীয় ঔপন্যাসিক একো।
একই দিনে আরেক মহৎ লেখকের দেহাবসান ঘটেছে— তিনি আমেরিকান লেখক হারপার লি। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
একোর সঙ্গে লির একটা জায়গায় কিছুটা মিল আছে। দুজনেই বিরলপ্রজ। একো তাঁর প্রায় অর্ধশত বছরের লেখালেখির জীবনে উপন্যাস লিখেছেন মোটে সাতটা। আর নিভৃতচারী লি লিখেছেন মাত্র একটা উপন্যাস টু কিল আ মকিংবার্ড। না, পুরোপুরি ঠিক হলো না কথাটা। একেবারে অন্তিম সময়ে, গত বছরের মাঝামাঝি, লির একটা উপন্যাসের পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায়। সেটা বই আকারে বের হয় আগের বইটির পরবর্তী পর্ব হিসেবে। এটা না হলে লি সেই বিরল লেখকদের কাতারে ঠাঁই পেতেন, যাঁরা সারা জীবনে একটি মাত্র উপন্যাস লিখে সাহিত্যে অমর হয়ে গেছেন।
১৯৬০ সালে লি-এর টু কিল আ মকিংবার্ড আমেরিকায় প্রকাশিত হওয়ার পরে সেটা রাতারাতি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। বইটা ক্লাসিকের মর্যাদা পায়। এখন পর্যন্ত ৪ কোটি কপি বিক্রি হয়েছে এই বই। লির বয়স তখন ৩৪ বছর। কিন্তু এরপরই নিজেকে গুটিয়ে নেন লি। আর কিছু তো লেখেনইনি, জনসমক্ষেও খুব একটা আসতেন না, কাউকে সাক্ষাৎকার দিতেন না। আলাবামার মনরোভিলের এক নার্সিং হোমে কিছুটা নিভৃতেই বিদায় নিলেন লি।
এদিকে একোর মৃত্যু সম্পর্কে বিবিসি অনলাইনের খবরে লেখা হয়েছে, “ইতালীয় লেখক ও দার্শনিক উমবের্তো একো, যিনি তাঁর নেম অব দ্য রোজ উপন্যাসের জন্য দারুণ পরিচিত, ৮৪ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার জানিয়েছে, তিনি শুক্রবার গভীর রাতে তাঁর মিলানের বাসায় মারা গেছেন। বিস্তারিত আর কিছু জানানো হয়নি।”
মৃত্যুসংবাদের এই পরিবেশনভঙ্গি নিয়ে নিঃসন্দেহে কৌতুক করতেন একো, যদি পারতেন। কেননা গণমাধ্যমের তথ্য পরিবশনের ভঙ্গি তাঁর বিশ্লেষণী আগ্রহের একটা বিষয় ছিল বটে। বিশেষ করে মানুষ কীভাবে নানা রকম চিহ্ন আর প্রতীক ব্যবহার করে তার সংস্কৃতি এবং ভাষার অর্থ নির্মাণ করে সেটা ছিল একোর পাণ্ডিত্যের বিষয়। একো সেমিওটিক্স বা চিহ্নবিজ্ঞান পড়াতেন ইতালির বোলোনা বিশ্ববিদ্যালয়ে।
লির সঙ্গে তুলনায় একোকে ঠিক বিরলপ্রজ বলা যাবে না। উপন্যাস কম লিখলেও বিস্তর বিষয়ে লেখালেখি করেছেন তিনি। বেশির ভাগই চিহ্নবিজ্ঞানের প্রয়োগ নিয়ে। পপ কালচারের নানা উপকরণ নিয়েও কৌতুককর নিবন্ধ লিখতেন পত্রিকার কলামে। ইউরোপের মধ্যযুগ বিষয়ে পণ্ডিত ছিলেন একো। ইউরোপ-আমেরিকায় বক্তৃতা দিয়ে বেড়াতেন গুণীদের আসরে। লিখতেন ইতালীয় ভাষায়। কিন্তু বক্তৃতা ইংরেজিতে দিতেন। আর খুবই কৌতুকময় বলার ভঙ্গি ছিল তাঁর।
১৯৮০ সালে তার প্রথম উপন্যাস নেম অব দ্য রোজ বের হলে বইটা বেস্টসেলার তালিকায় ঠাঁই পায়। একটু অবাক করা ব্যাপারই বটে। কেননা জনপ্রিয় ধারার উপন্যাস মোটেই নয় সেটা। কাহিনি মধ্যযুগের পটভূমিতে সাজানো একটা রহস্যগল্প। কিন্তু সেটা উপরিতল মাত্র। ভেতরে লুকানো চিহ্নবিজ্ঞানের নানান তত্ত্ব। ঘোরালো-প্যাঁচানো এই কঠিন থ্রিলার অবলম্বনে হলিউডে সিনেমাও তৈরি হয় ২০০৩ সালে। শন কনরির অভিনয়। কিন্তু ফ্লপ হয় সেই ছবি। বিপরীতে লির উপন্যাসের কাহিনি নিয়ে বানানো সিনেমা দারুণ জনপ্রিয়।
কিছু কিছু লেখককে একটু বাড়তি সম্মানের আসনে বসিয়ে অনেক সময় বলা হয় যে, তাঁরা লেখকদের লেখক। উমবের্তো একো সে রকমই একজন। দীর্ঘ ছয়-সাত বছরের বিরতিতে একটি করে উপন্যাস লিখেছেন। কিন্তু একেকটা উপন্যাস একেকটা মাইলফলক। অনেকে বলেন, ড্যান ব্রাউনের দ্য ভিঞ্চি কোড কিংবা ম্যাথিউ পার্লের দ্য দান্তে ক্লাব উপন্যাস একোর ঘরানা থেকে এসেছে।
২০০৫ সালে তাঁর পঞ্চম বই দ্য মিস্টিরিয়াস ফ্লেম অব কুইন লোয়ানা যখন বের হয়, তখন ঘোষণা দিয়েছিলেন এটা তাঁর শেষ উপন্যাস। কিন্তু এরপর আরও দুটি উপন্যাস বের হয়। সর্বশেষ উপন্যাস বের হয়েছে ইংরাজিতে নাম্বার জিরো শিরোনামে, মাত্রই গত বছর।
একোর দ্বিতীয় উপন্যাস ফুকোস পেন্ডুলাম পড়ে ভয়ানক আক্রমণাত্মক একটা রিভিউ লিখেছিলেন ঔপন্যাসিক সালমান রুশদি। লিখলেন, এটা কোনো উপন্যাসের জাতই হয়নি। কাহিনি বলে কিচ্ছু নেই। শুধুই বাগাড়ম্বর। এর বেশ কিছুদিন পরে বই পাঠের এক আসরে হাজির রুশদি আর একো। দুষ্টু একো মঞ্চে দাঁড়িয়ে কোটের পকেট থেকে বের করেন ফুকোস পেন্ডুলাম। মঞ্চে রুশদিকে বসিয়ে পড়তে থাকেন রসিয়ে রসিয়ে।