বিমান দুর্ঘটনায় ব্রাজিলে প্রেসিডেন্ট পদপ্রার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এদুয়ার্দো ক্যাম্পোস গতকাল বুধবার ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সান্তোসে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে সে দেশের টেলিভিশন গ্লোবো নিউজ জানিয়েছে। তবে এই তথ্যের উৎস জানায়নি টেলিভিশনটি। খবর রয়টার্সের।
অবশ্য বিবিসি অনলাইন এদুয়ার্দো ক্যাম্পোস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ক্যাম্পোসের দল ব্রাজিলিয়ান সোশালিস্ট পার্টির একটি সূত্র জানায়, ক্যাম্পোসকে বহনকারী সেশেনা-৫৬০এক্সএল উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।
ক্যাম্পোস ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সাবেক গর্ভনর। ব্যবসাবান্ধব বামপন্থী হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
জরুরি অবতরণ : সিডনি থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে জরুরি অবতরণ করেছে। ককপিটের জানালায় ফাটল ধরা পড়ার পর এটি অবতরণ করে। বোয়িং ৭৪৭ উড়োজাহাজটিতে ২৭৩ জন যাত্রী ও ২১ সদস্যের ক্রু ছিল। ছয় ঘণ্টা ওড়ার পর ক্যাপ্টেনের কাছে জানালার ওই ত্রুটি ধরা পড়ে। বালি দ্বীপের বিমানবন্দরের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘ছোটখাটো বিঘ্ন’ বলে আখ্যায়িত করেন। আরোহীদের আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংককে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে রানওয়ে থেকে পিছলে বাইরে চলে গেলে বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হন। এএফপি।