বিষাক্ত অ্যাসিডে কমলা নদীর পানি
কড়া রোদে দুটো খালি জগ হাতে দাঁড়িয়েছিলেন মেক্সিকোর বুয়েনাভিস্তা শহরের বাসিন্দা রামোনা ইয়োসিনিয়া। মেক্সিকোর সনোরা নদীর ধারে সরকারের সরবরাহ করা পানির জন্য অপেক্ষা করছিলেন তিনি। নদীতে ভরা পানি। কিন্তু পানের যোগ্য নয়।
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে বুয়েনাভিস্তা শহরের তামার খনি বিশ্বের বৃহত্তম খনিগুলোর মধ্যে একটি। গত সপ্তাহে ওই খনিতে ক্ষতিকর সালফিউরিক অ্যাসিড একটি কনটেইনার থেকে বের হয়ে যায়। তা মিশে যায় নদীর পানিতে। এতে বিষাক্ত হয়ে পড়ে সনোরা নদীর পানি।
ইয়োসিনিয়ার মতো মেক্সিকোর বুয়েনাভিস্তা শহরের আরও ২০ হাজার লোক পানির অভাবে দিন কাটাচ্ছেন। বুয়েনাভিস্তাসহ দেশটির সাতটি শহরে এখন পানির তীব্র সংকট।
স্থানীয় বাসিন্দা ও খামারের শ্রমিকেরা বলেন, পানি তো দূরের কথা, তাঁরা খাবার কিনে খেতেও ভয় পাচ্ছেন। তিনি বলেন, একটি গরু মারা গেলে আমরা বুঝতে পারছি না এর মাংস খাওয়া ঠিক হবে কি না। কারণ গরুটি যদি নদী থেকে খুব অল্প পরিমাণ পানিও পান করে, তাহলে তা সংক্রমিত হতে পারে।
লাতিন আমেরিকার খনি কোম্পানি গ্রুপো মেক্সিকোর তামার খনিতে ব্যবহূত ওই কনটেইনার হঠাত্ করেই ফুটো হয়ে যায়। ওই কনেটইনারটি সাধারণত তামা দ্রবীভূত করতে ব্যবহার করা হতো। হঠাত্ করে ৬ আগস্ট ওই কনেটইনার থেকে অ্যাসিড বের হয়ে আসে।
গ্রুপো মেক্সিকোর নির্বাহী কর্মকর্তারা এটিকে একটি অস্বাভাবিক ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন। ওই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট জুয়ান রোবালেদো বলেন, এ ধরনের অ্যাসিডগুলো আসলে খুব বেশি বিষাক্ত নয়।
তিনি আরও বলেন, এই অ্যাসিড এত বেশি বিষাক্ত নয় যে জনগণের বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে বিষাক্ত অ্যাসিড নষ্ট করার জন্য নদীতে অনেক বেশি লেবু দেওয়া হয়। তবে পরিবেশবাদীরা বলছেন, এটি পানিতে মিশে যাওয়া বিষাক্ত অ্যাসিড নষ্ট করার জন্য পর্যাপ্ত নয়।
স্থানীয় পরিবেশবাদী কর্মী রাফায়েল চাভেজ বলেন, এটা অযৌক্তিক। কোম্পানিটি এ কথা কখনই বলছে না যে তারা নদীর পানি বিষাক্ত করে দিয়েছে। তারা কখনই ঘোষণা করবে না যে তারা এ জন্য দায়ী।
দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাসিড নিঃসরণের ঘটনায় একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে। তারা বলছে এ ঘটনা মানবাধিকার লঙ্ঘন করতে পারে।
আক্রান্ত ওই এলাকার বাসিন্দারা বলছেন, পানির সংযোগ বিচ্ছিন্ন করার আগে সরকারের পক্ষে থেকে তাঁরা কোনো ধরনের সতর্কবার্তা পাননি। তাঁরা এখন পর্যন্ত জানেন না কখন পানি আসবে।
ক্ষতিকর ওই অ্যাসিড নিঃসরণের ফলে সনোরা নদীর ৬০ কিলোমিটার এলাকা জুড়ে কমলা রং দেখা গেছে। এলাকার বাসিন্দা ওকটাভিয়ো তোলেদানো একটি বোতলে নদীর পানি ভরে বলেন, ‘পানির রং কমলা। তাতে পচা গন্ধও ছিল।’ স্থানীয় বাসিন্দা জেসাস সাবোরি বলেন, ‘নদীর পানি প্রতিদিন বেশি বেশি লালচে হয়ে যাচ্ছে। কিন্তু মাত্র গত সোমবার তাদেরকে বলা হয়েছে নদীর পানি থেকে পশুদের দূরে সরিয়ে রাখতে।’
ন্যাশনাল ওয়াটার কমিশন এবং গ্রুপো মেক্সিকোর লোগে সমৃদ্ধ বিভিন্ন ট্রাক শহরে ঘোরাফেরা করছে। তবে শহরের বাসিন্দাদের অভিযোগ, তাদেরকে সরকার ও কোম্পানির পক্ষ থেকে সামান্যই তথ্য দেওয়া হয়েছে।
ওই তামার খনিতে নয় হাজার লোক কাজ করতেন। ২০১৬ সালের মধ্যে দুই লাখ টন ও পাঁচ লাখ ১০ হাজার টন তামা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।