বুকের দুধের সঙ্গে শিশুর বুদ্ধিমত্তার সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘমেয়াদি এক গবেষণায় দেখা গেছে, মায়ের বুকের দুধ পানের সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্ক রয়েছে। ব্রাজিলে ৩ হাজার ৫০০ শিশুর ওপর তাদের জন্মের শুরু থেকে ওই গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, যেসব শিশু তুলনামূলকভাবে বেশি সময় বুকের দুধ পান করেছে, বড় হয়ে তারা বুদ্ধিমত্তার পরীক্ষায় অধিকতর ভালো ফল করেছে। খবর বিবিসির।
গবেষকেরা বলছেন, সমীক্ষার এই ফল চূড়ান্ত না হলেও বর্তমানে তাঁদের পরামর্শ হলো, শিশুকে ছয় মাস পরিপূর্ণভাবে বুকের দুধ পান করানো উচিত। তবে মায়েরা শিশুকে ছয় মাস পর্যন্ত দুধ পান করাবেন কি না, তা তাঁদের পছন্দের ওপরই ছেড়ে দেওয়া উচিত।
ওই গবেষণা বিষয়ে একটি প্রতিবেদন চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত হয়েছে।
এতে গবেষকেরা উল্লেখ করেছেন, বুকের দুধ পান করানোর বাইরেও শিশুর বুদ্ধিমত্তার ওপর আরও বিভিন্ন ধরনের অনেক নিয়ামক প্রভাব ফেলে।
গবেষণা পরিচালনাকারী ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব পেলোতাসের বার্নার্ডো লেসা হোর্তা বলেন, তাঁর গবেষণায় একটি অনন্য ইঙ্গিত রয়েছে। কারণ, যে জনগোষ্ঠীর ওপর গবেষণা চালানো হয়েছে, সেখানে সব সামাজিক শ্রেণির মানুষের মধ্যেই শিশুকে বুকের দুধ পান করানো হয়েছে। শুধু ধনী বা শিক্ষিতদের মধ্যে বুকের দুধ পান করানো হয়েছে তা নয়।
লেসা হোর্তা বলেন, বুকের দুধে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, যা মস্তিষ্কের উন্নতির জন্য অপরিহার্য। এ কারণে বুকের দুধ পান করানোর সঙ্গে বুদ্ধিমত্তার সম্পর্ক থাকতে পারে।