বেলজিয়ামে ছুরি নিয়ে দুই পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল বুধবার এক ব্যক্তির ছুরিকাঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। কৌঁসুলিরা বলছেন, এটা সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে। ঘটনার পর গুলি করে হামলাকারীকে ধরা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ব্রাসেলসে গত মার্চে সেখানকার বিমানবন্দর ও একটি পাতালরেলে বোমা হামলার পর থেকে নগরটিতে উচ্চ সতর্কাবস্থা জারি রয়েছে। মার্চের বোমা হামলায় ৩২ জন নিহত হয়েছিল।
বেলজিয়ামের সম্প্রচারকেন্দ্র ভিআরটির তথ্য অনুযায়ী, দুই পুলিশ সদস্যের একজনের ঘাড়ে ও অন্যজনের পেটে ছুরি মারেন ওই হামলাকারী। এ সময় তৃতীয় একজন পুলিশ সদস্য হাজির হলে হামলাকারী ঘুষি দিয়ে তাঁর নাক ভেঙে দেন। ছুরিকাহত দুই পুলিশ সদস্যের অবস্থা তেমন গুরুতর নয়।
কৌঁসুলিরা এক বিবৃতিতে হামলাকারীর পরিচয় বেলজিয়ামের নাগরিক হিশাম ডি (৪৩) বলে উল্লেখ করেন।