বেসরকারি ব্যবসার অনুমোদন দিল কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবায় ছোট ও মাঝারি আকারের ব্যক্তিগত ব্যবসা বৈধ ঘোষণা করেছে দেশটির সরকার। ২০০৮ সালে রাউল কাস্ত্রো কট্টর কমিউনিস্ট দেশটির ক্ষমতা নেওয়ার পর যে অর্থনৈতিক সংস্কারকাজ শুরু হয়েছিল, এটির তার নতুন ধাপ।
ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর রাউল কাস্ত্রো কিউবার অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করছেন নানা পদক্ষেপের মাধ্যমে। তবে তাঁর এই প্রচেষ্টা দেশটির রক্ষণশীল কমিউনিস্টদের তীব্র বাধার মুখে পড়ছে।
গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়ন শুরু হওয়ার পর থেকে কিউবায় বিদেশি বিনিয়োগের দ্বার উন্মুক্ত হতে শুরু করেছে। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ৩২ পৃষ্ঠার নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে এবং তা অনুমোদন করেছে কংগ্রেস। তবে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যক্তিগত ব্যবসার ধাপগুলো কী হবে, তা স্পষ্ট করা হয়নি পরিকল্পনায়। ব্যবসায়ীরা পণ্য আমদানি-রপ্তানি করতে পারবেন কি না, সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই।
গত শতকের পঞ্চাশের দশকে ঘটা বিপ্লবের পর থেকে সমাজতান্ত্রিক কিউবার অর্থনীতি চলেছে সাবেক সোভিয়েত ইউনিয়নের আদলে। তবে দেশটিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে। ২০১১ সালের শেষ নাগাদ কিউবায় বেসরকারি খাতকে উৎসাহিত করা শুরু হয়। ক্ষমতা নেওয়ার পর প্রথমবারের মতো ব্যক্তিগত সম্পত্তির অধিকার দিয়েছিল রাউল কাস্ত্রোর সরকার। বর্তমানে দেশটিতে ব্যক্তি উদ্যোগে রেস্তোরাঁ এবং সেলুনের মতো ব্যবসা চালানো যায়।
বিশ্লেষকেরা বলেন, নতুন পরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে ব্যক্তি উদ্যোগ কিউবার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে মূল উৎপাদনের উপকরণ রাষ্ট্রের হাতেই থাকবে।