বৈশ্বিক উষ্ণায়নে পৃথিবীর আকার পাল্টে যাবে!
জলবায়ু পরিবর্তনের ফলে শুধু মহাসাগরগুলো উষ্ণ হয়ে উঠছে বা চরমভাবাপন্ন আবহাওয়ার সৃষ্টি হচ্ছে তা নয়; এর ফলে পৃথিবী গ্রহের আকারেও পরিবর্তন দেখা দিতে পারে। সম্প্রতি এক গবেষণায় এমনটাই বলছেন বিজ্ঞানীরা। খবর পিটিআইয়ের।
অ্যান্টার্কটিকা এবং লাতিন আমেরিকার প্যাটাগোনিয়া হিমবাহের ওপর পাঁচ বছর ধরে পরিচালিত ওই গবেষণা নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকেরা দুই অঞ্চলের প্রাকৃতিক অবস্থার তুলনামূলক পরিবর্তন তুলে ধরেন। গবেষণায় দেখা যায়, অ্যান্টার্কটিকার তুলনায় প্যাটাগোনিয়ার হিমবাহ তুলনামূলকভাবে বেশি উষ্ণ। আবার এখানে ব্যাপক ভাঙনের কারণে হিমবাহ গলে যাওয়ার পরিমাণও বেশি।
কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার অধ্যাপক এবং এই গবেষণার প্রধান মিশের কোপেস বলেন, অ্যান্টার্কটিকার চেয়ে প্যাটাগোনিয়ায় হিমবাহ ১০০ থেকে ১ হাজার গুণ দ্রুত সময়ে গলছে। তবে অ্যান্টার্কটিকাও এখন ক্রমশ উষ্ণ হচ্ছে। তিনি বলেন, বরফখণ্ড গলছে দ্রুত। গতিও বাড়ছে।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ভাঙন মেরু অঞ্চলের পরিবেশে ইতিমধ্যে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করেছে। হিমবাহ স্বাভাবিকের চেয়ে বেশি গলতে থাকায় ভাটির দিকে পলি জমা হওয়ার আশঙ্কা বাড়ছে। এর ফলে ওই অঞ্চলে মৎস্য সম্পদ ও বাঁধগুলোতে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং সুপেয় পানির সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন গবেষকেরা।
কোপেস বলেন, মহাসাগরীয় অঞ্চল জীববৈচিত্র্যের আধার। সেখানে যদি বিপুল পরিমাণে পলি জমা হয় তবে সামুদ্রিক পরিবেশের জন্য সেটি বড় উদ্বেগের কারণ হবে।