ব্যাপক চাপে মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাতিন আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি এবার অনাস্থা জানানোর উদ্যোগ নিয়েছেন বিরোধী রাজনীতিকেরা। এ লক্ষ্যে তাঁদের প্রথম পদক্ষেপ অনুমোদন করেছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন। কমিশন বলেছে, প্রেসিডেন্টের বিরোধীরা ভেনেজুয়েলার ২৪টি রাজ্যের মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর জোগাড় করেছেন।
প্রেসিডেন্ট পদে বামপন্থী মাদুরোর চলতি মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর অপসারণ চান বিরোধীরা। কিন্তু সুপ্রিম কোর্ট দেশটির পার্লামেন্টে সরকারবিরোধী উদ্যোগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। ভোট কেনার চেষ্টার অভিযোগে বিরোধী দলের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পার্লামেন্ট থেকে তাঁদের অপসারণ না হওয়া পর্যন্ত শীর্ষ আদালতের ওই নির্দেশ বহাল থাকবে।
তেলসম্পদে সমৃদ্ধ হলেও ভেনেজুয়েলা কিছুদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখা দিয়েছে। ফলে এসব পণ্য লুটপাটের খবর পাওয়া যাচ্ছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এ জন্য প্রেসিডেন্ট মাদুরোর সরকারই দায়ী।
নির্বাচন কমিশন জানায়, মাদুরোর বিরোধীরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় দুই লাখ স্বাক্ষর ইতিমধ্যে সংগ্রহ করেছেন।