ব্রাজিলে অর্থনৈতিক জরুরি অবস্থা
অলিম্পিক শুরু হতে আর ৫০ দিনও বাকি নেই। ঠিক এ সময় বিশ্বের সবচেয় বড় ক্রীড়ার আসর অলিম্পিকের আয়োজক দেশ ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যের গভর্নর অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে অলিম্পিক শুরু হওয়ার আগে নাগরিক সেবা পূরণে আর্থিক সংকট কাটাতে কেন্দ্রীয় তহবিলের কাছেও অনুরোধ জানানো হয়েছে।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, রাজ্যটির অন্তর্বর্তীকালীন গভর্নর ফ্রান্সিসকো ডোরনেলেস বলেন, ‘গুরুতর অর্থনৈতিক সংকট সম্মানজনক এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে বাধা হয়ে দাঁড়ানোর হুমকি দিচ্ছে।’
এবারের অলিম্পিক আসরে গণপরিষেবা খাতের অধিকাংশ তহবিলের জোগান দিয়েছে রিওর নগর সরকার। তবে পরিবহন ও পুলিশের খাতে তহবিলের দায়িত্ব রাজ্য সরকারের।
রাজ্যটির এক ডিক্রিতে বলা হয়, ‘জননিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ও পরিবেশগত ব্যবস্থাপনাকে পুরোপুরি ধসে পড়ার হাত থেকে বাঁচাতে এই জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
চলতি সপ্তাহেই রিও ঘুরতে এসে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিচেল তেমের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনকে সফল করতে কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বাস দেন।
ব্রাজিলের রাজস্বের বড় খাতই পেট্রোলিয়াম শিল্প। গত দুই বছর ধরে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় ব্রাজিলের পেট্রোলিয়াম শিল্পে মন্দা চলছে। চলতি অর্থবছরে দেশটিতে বাজেট ঘাটতি ৫৫০ কোটি মার্কিন ডলার।
অলিম্পিককে ঘিরে রিওতে পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।