ব্রাজিলে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল
ব্রাজিলে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ১ লাখ ৫০ হাজার ১৯৮ জন মারা গেছেন।
বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় মৃত্যুর সংখ্যায় ভারতের অবস্থান তৃতীয়।
যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ভারতে করোনায় মারা গেছেন এক লাখ সাত হাজারের বেশি মানুষ।
ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা কদিন আগেই ৫০ লাখ ছাড়ায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭।
যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৭ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজারের বেশি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্রাজিলে করোনায় মৃত্যু সবচেয়ে বেশি। আর ব্রাজিলের মধ্যে সাও পাওলোতে মৃত্যু সবচেয়ে বেশি।
শুরু থেকেই করোনার ঝুঁকিকে অবজ্ঞা করার অভিযোগ রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে।
করোনার সংক্রমণ ঠেকাতে ব্রাজিলে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপের ব্যাপারে বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ জইর বলসোনারো উপেক্ষা করে আসছেন বলে অভিযোগ আছে।
করোনাভাইরাসকে ‘ছোটখাটো ফ্লু’ বলেও অভিহিত করেন ব্রাজিলের প্রেসিডেন্ট। এ নিয়ে তিনি তীব্রভাবে সমালোচিত হন। করোনাকে পাত্তা না দিলেও তিনি নিজেও এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।