ব্রাজিলে করোনায় মৃত্যু ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলে করোনায় মৃত্যু বাড়ছে
ছবি : রয়টার্স ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণের ঢেউয়ের কবলে ব্রাজিলে মৃত্যুর হার যেন লাগামছাড়া। গতকাল শুক্রবার দেশটিতে করোনার সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দেশটিতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। তবে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো অবশ্য এই সমস্যা শেষের পথে বলে গোঁ ধরে রয়েছেন।

গতকাল দেশটিতে করোনাভাইরাসে ৬৭২ জন মারা যান। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা সংক্রমণ শুরুর পর থেকে গতকাল পর্যন্ত মোট ১ লাখ ৮০ হাজার ৪৩৭ জন মারা গেছেন।

করোনায় মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিল অবস্থান করছে। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫৩৯ জন।

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো
ছবি: রয়টার্স

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে মোট সংক্রমণ ও মৃত্যু উভয় ঊর্ধ্বমুখী। দেশটিতে গত আগস্ট থেকে নভেম্বরের শুরুতে করোনার সংক্রমণ কিছুটা কমেছিল।

অথচ গত বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো বলেন, ‘আমরা মহামারির শেষের দিকে। বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে তুলনা করলে মহামারি মোকাবিলার দিক থেকে আমাদের সরকার সেরা বা অন্যতম সেরা।’

এ বক্তব্যের পরই বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। বলসোনারোর সঙ্গে ভিন্নমত প্রকাশ করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ব্রাজিলের শীর্ষস্থানীয় জনস্বাস্থ্য গবেষণা কেন্দ্র ফিওক্রুজের গবেষক ক্রিস্টোভাম বার্সেলোস বলেন, ‘প্রেসিডেন্ট ঠিক বলেননি। আমি জানি না, তিনি এ ধারণা কোথা থেকে পেয়েছেন। কোনো সূচকই তা বলছে না। আসলে সংক্রমণ আরও সুস্পষ্টভাবে বাড়ছে। শুক্রবার নতুন করে ৫৪ হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে ৬৮ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।’

বার্সেলোস সতর্ক করে বলেছেন, ছুটির মৌসুম এবং দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

বার্তা সংস্থা এএফপিকে বার্সেলোস বলেন, ‘নিয়ন্ত্রণব্যবস্থা না থাকায় আরও বেশি মানুষ ঘুরে বেড়াবে। আমাদের সামাজিক দূরত্বের অনেক নীতিমালাও এখন ভেঙে ফেলা হয়েছে।’

এ বছরের ২৬ ফেব্রুয়ারি ব্রাজিলে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে নানাভাবে দ্বিমত পোষণ করেছেন বলসোনারো। তিনি করোনাভাইরাসকে ‘ছোট্ট ভাইরাস’ বলে মন্তব্য করেন। এমনকি হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটি একাধিক গবেষণায় কোভিড-১৯–এর বিরুদ্ধে কার্যকর না হওয়া সত্ত্বেও তিনি এর ব্যবহারের ওপর জোর দেন।