ব্রাজিলে কারাগারে ভয়াবহ দাঙ্গা, ৬০ কয়েদি নিহত
ব্রাজিলের একটি কারাগারে ১৭ ঘণ্টার ভয়াবহ দাঙ্গায় অন্তত ৬০ জন কয়েদি নিহত হয়েছে। গতকাল সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামাজোনাস অঙ্গরাজ্যের রাজধানী মানাউসের উপকণ্ঠের ওই কারাগারে দাঙ্গার সূত্রপাত রোববার স্থানীয় সময় বিকেলে।
অ্যামাজোনাসের জননিরাপত্তাবিষয়ক মন্ত্রী সারজিও ফন্তেস বলেন, আনিজিও জোবিম নামের সংশোধনাগারে দুই পক্ষের মধ্যে পুরো রাত দাঙ্গা চলে। স্থানীয় সময় গতকাল সকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। দাঙ্গার সময় ১২ কারারক্ষীকে বন্দী করে কয়েদিরা। পরে তাঁদের মুক্ত করা হয়।
ফন্তেস বলেন, নিহত ব্যক্তিদের অনেকেরই শিরশ্ছেদ করা হয়েছে। স্থানীয় দুর্ধর্ষ সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র ফ্যামিলি অব দ্য নর্থের (এফডিএন) সঙ্গে সাও পাওলোভিত্তিক ব্রাজিলের অন্যতম বড় সন্ত্রাসী চক্র ফার্স্ট ক্যাপিটাল কমান্ড (পিসিসি) সদস্যদের মধ্যে এই দাঙ্গা বাধে। ফন্তেস বলেন, দাঙ্গা নিয়ন্ত্রণে দর-কষাকষির সময় কয়েদিদের বলতে গেলে দাবিই ছিল না। তাদের একমাত্র চাওয়া ছিল, পরে পুলিশ যেন তাদের নির্যাতন না করে।
ফন্তেস বলেন, ‘এফডিএনের সদস্যরা পিসিসি ও প্রতিপক্ষের সদস্যদের হত্যা করেছে।’
অঙ্গরাজ্যের কারা প্রশাসক পেদ্রো ফ্লোরেনসিও বলেন, দাঙ্গার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ৬০টি মরদেহ গণনা করা হয়েছে। কোনো কয়েদি পালিয়ে গেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।