ব্রাজিলে দ্বিতীয় দফার ভোট চলছে

বিশ্বের সপ্তম বৃহত্তম গণতন্ত্রের দেশ ব্রাজিলে আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছে।
দুই শীর্ষ প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ওয়ার্কার্স পার্টির দিলমা রুসেফ ও মধ্য ডানপন্থী সোশ্যালিস্ট পার্টির এসিও নেভিসের মধ্যে লড়াই হচ্ছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।
সর্বশেষ জনমত জরিপ অনুসারে রুসেফ কিছুটা এগিয়ে আছেন। একটি জনমত জরিপে রুসেফের পক্ষে ৫২ শতাংশ এবং তাঁর প্রতিপক্ষ নেভিসের পক্ষে ৪৮ শতাংশ সমর্থন লক্ষ করা গেছে। অপর একটি জরিপে রুসেফের পক্ষে ৫৩ এবং নেভিসের পক্ষে ৪৭ শতাংশ সমর্থনের কথা উঠে এসেছে।
গত শুক্রবার রাতে নির্বাচনী প্রচারণা শেষ হয়। এদিন দুই প্রার্থীর মধ্যে তুমুল বাক্যবাণ ছোড়াছুড়ি হয়। দুজনের চূড়ান্ত পর্বের বিতর্কে ওয়ার্কার্স পার্টির ১২ বছরের শাসনামলে ব্যাপক দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে প্রেসিডেন্ট রুসেফকে কাবু করেন নেভিস। বিতর্কের শুরুতেই একটি সাময়িকীর প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত বৃহৎ তেল কোম্পানি পেট্রোব্রাসের কয়েক শ কোটি ডলারের একটি প্রকল্পে অর্থ কেলেঙ্কারির বিষয়ে ‘সবকিছুই জানতেন’ রুসেফ ও তাঁর পূর্বসূরি ইনাসিও লুলা দা সিলভা।
এক রক্ষণশীল সমর্থক সাময়িকীতে প্রকাশিত ওই প্রতিবেদন ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট রুসেফ। তিনি বলেন, এটি ‘সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর’।
গত ৫ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেলেও সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো ভোট পাননি রুসেফ। এ কারণে তাঁকে মধ্য ডানপন্থী প্রার্থী এসিও নেভিসের সঙ্গে দ্বিতীয় দফায় মুখোমুখি হতে হয়েছে। প্রথম দফায় রুসেফ ৪২ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেভিস পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। অন্য প্রার্থী পরিবেশবাদী মারিনা সিলভা পেয়েছেন ২১ শতাংশ ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।