ব্রাজিলে প্রেসিডেন্ট রুসেফের বিরুদ্ধে বিশাল সমাবেশ
ব্রাজিলে অর্থনৈতিক মন্দা, দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বামপন্থী প্রেসিডেন্ট দিলমা রুসেফের অপসারণ চেয়ে বিশাল সমাবেশ হয়েছে গত রোববার। দেশটির অন্তত ২২টি এলাকায় অনুষ্ঠিত এসব সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষ যোগ দেয়। খবর বিবিসি ও রয়টার্সের।
সমাবেশে যোগ দেওয়া লোকদের দাবি, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতির ঘটনা অবশ্যই দিলমা রুসেফ জানতেন। দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে, রুসেফ ওই কোম্পানির প্রধান থাকার সময়ই আলোচিত ঘুষ কেলেঙ্কারির ঘটনা ঘটে। অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে হওয়া এক তদন্তে রুসেফকে ওই কেলেঙ্কারির দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
রোববার সবচেয়ে বড় সমাবেশটি হয় বিরোধী দলের শক্ত ঘাঁটি বলে পরিচিত বন্দরনগর সাও পাওলোতে। গবেষণাপ্রতিষ্ঠান ডেটাফোলহার হিসাবে, সাও পাওলোর সমাবেশে যোগ দেওয়া লোকের সংখ্যা হবে প্রায় দুই লাখ।
গত অক্টোবরের নির্বাচনে রিও ডি জেনিরোতে রুসেফ ৫৫ শতাংশ ভোট পেয়েছিলেন। সেখানেও রোববারের সমাবেশে প্রায় ২৫ হাজার লোক যোগ দেয়। এ তথ্য খোদ পুলিশের।
বিভিন্ন সমাবেশে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা নিয়ে আসে। অনেকেই জাতীয় ফুটবল দলের হলুদ জার্সি পরে আসে। তারা ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কথিত দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়।
রোববারের সমাবেশগুলো আয়োজনের পেছনে ছিল দেশের বিরোধী দলগুলো। তবে কোনো বিরোধী নেতা রুসেফের অভিশংসনের দাবির বিষয়ে কিছু বলেননি ।
বিরোধীদলীয় নেতা সিনেটর আসিও নেভেস রুসেফবিরোধী সমাবেশের প্রশংসা করে বলেন, ব্রাজিলের মানুষ তাদের মূল্যবোধ এবং স্বপ্নের বলে বলীয়ান হয়ে আবার একত্র হয়েছে।
আসিও নেভেস গত প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ভোটে পরাজিত হন।
সমাবেশের পর সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আইনমন্ত্রী হোসে এদুয়ার্দো কারদোজো বলেন, সরকার এই সমাবেশকে গণতান্ত্রিক ব্যবস্থার বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করে।