ব্রাজিলে ভারী বর্ষণে ১৮ জনের মৃত্যু
প্রবল বৃষ্টিপাতে নাকাল ব্রাজিলের সাও পাওলো রাজ্য। এর জের ধরে ভূমিধস ও বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ভারী বর্ষণের মুখে পড়ে রাজ্যটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্রাজিলের সবচেয়ে জনবহুল সাও পাওলো রাজ্যে ৪ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। বৃষ্টিপাতের জেরে রাজ্যের ১০টি শহর ও ৬৪৫টি মিউনিসিপ্যালটি সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। এ সব এলাকায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন রাজ্যের গভর্নর জোয়াও দোরিয়া।
সাও পাওলো রাজ্য সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। তিন দিনের বৃষ্টিপাতে গৃহহীন হয়েছেন প্রায় ৫০০ মানুষ। রোববারেই ১১ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় একটি গণমাধ্যম। একাধিক ভূমিধসে বাড়িঘর চাপা পড়ে তাদের মৃত্যু হয়।
ভূমিধসে ফ্রাঙ্কো দা রোচা মিউনিসিপ্যালটিতে চাপা পড়েছে পুলিশের একটি কার্যালয়। অপরদিকে এমবু দাস আর্চেস মিউনিসিপ্যালটিতে ধসের নিচে পড়ে এক নারী ও তাঁর দুই সন্তান নিহত হয়েছেন। তুমুল বর্ষণের শিকার হয়েছে সাও পাওলো শহরও। তবে সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সাও পাওলোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টির কারণে রাজ্যজুড়ে ভূমিধস ও বন্যা দেখা দেয়। ভেঙে পড়ে গাছপালা ও ঘরবাড়ির দেয়াল। এসব ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন নয়জন। এখনো নিখোঁজ পাঁচ।
গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়েছে। এরপর থেকে বড় ধরনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। এসবের জেরে উত্তরাঞ্চলের বাহিয়া রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনাস জেরাইস রাজ্যে মারা গেছে ১৯ জন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।