ব্রাজিলে ভারী বর্ষণে ৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষাকালে ব্রাজিলের বিভিন্ন শহরে ভারী বৃষ্টিতে ভূমিধসে প্রাণহানি ঘটে
ছবি: রয়টার্স

প্রবল বৃষ্টিপাতে ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এর জের ধরে ১৩ জন এখনো নিখোঁজ থাকার কথা জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত হেনেছে। এতে একাধিক ভূমিধসের ঘটনায় প্রাণহানি ঘটেছে। পর্যটন শহর পারাটিতে ভূমিধসে ৫ সন্তানসহ ১ মায়ের মৃত্যু হয়েছে।

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেছেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুজনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আরেক পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধসে চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে মেসকুতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি (৩৮) মারা গেছেন।

গত দু দিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে তীব্র স্রোতে অনেকের ব্যক্তিগত গাড়ি ভেসে গেছে। পাহাড়ি এলাকায় ভূমিধসে সেখানকার দরিদ্র অধিবাসীরা প্রতিবছর এ ধরনের ট্রাজেডির শিকার হন।

আংরা শহরের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সবশেষ ২৪ ঘণ্টায় সেখানে ৬৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদেরা বলছেন, শহরটিতে এর আগে এত বৃষ্টিপাত হয়নি।

গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়েছে। এরপর থেকে বড় ধরনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি।