ব্রাজিলে সাবেক স্ত্রী, ছেলেসহ ১২ স্বজনকে হত্যার পর আত্মহত্যা
ব্রাজিলে এক ব্যক্তি তাঁর ছেলে ও সাবেক স্ত্রীসহ ১২ স্বজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। খ্রিষ্টীয় নতুন বছরের প্রাক্কালে গতকাল রোববার রাত ১২টার কিছু আগে ব্রাজিলের অর্থনৈতিক কেন্দ্র বলে পরিচিত সাও পাওলো থেকে ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কামপিনাস শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, নতুন বছরকে বরণ করে নিতে ওই ব্যক্তির স্বজনেরা বাড়িটিতে জড়ো হয়েছিলেন। এতে যোগ দিয়েছিলেন তাঁর সদ্য সাবেক স্ত্রী এবং আট বছরের সন্তানও। অতর্কিত কয়েকটি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী সেখানে হাজির হন এবং উপস্থিত সবাইকে লক্ষ্য করে গুলি চালান। এতে তাঁর সাবেক স্ত্রী ও ছেলেসহ ১২ জন নিহত এবং আরও তিনজন আহত হন। এ ঘটনার পর ওই ব্যক্তি নিজের গুলিতে আত্মহত্যা করেন।
ক্রিস্টিয়ানো মাচাদো নামে হামলাকারীর এক প্রতিবেশী বলেন, গুলির শব্দ শুনে তাঁরা মনে করেছিলেন ওটা হয়তো আতশবাজির শব্দ। তিনি বলেন, ‘আতশবাজি দেখতে বাড়ি থেকে সড়কে বের হওয়ামাত্র আহত এক ব্যক্তি দৌড়ে আমাদের প্রাঙ্গণে এসে সাহায্য চান। তখন বুঝতে পারি ঘটনা কী ঘটেছে।’