ব্রাজিলের কারাগারে আবার সহিংসতা, ৪ কয়েদি নিহত
ব্রাজিলের আমাজনাস রাজ্যের মানাউস শহরের একটি কারাগারে গত রোববার কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ নিয়ে দেশটির কয়েকটি কারাগারে সহিংসতায় মাত্র এক সপ্তাহে ১০০ জনেরও বেশি লোক প্রাণ হারালেন।
মাদক চোরাচালানি চক্রের সাজা পাওয়া ব্যক্তিদের একাধিক পক্ষ এসব সহিংসতায় জড়িয়ে পড়ে। ব্রাজিলের কারাগারগুলোয় ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রয়েছেন। সরকার জানায়, রোববারের সহিংসতার কারণ অস্পষ্ট। দেশটির সবচেয়ে বড় দুই মাদক চোরাচালানি চক্র পিসিসি ও সিভির মধ্যে অস্ত্রবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর থেকে কারাগারগুলোয় দাঙ্গা বেড়েছে। রোরামিয়া রাজ্যের একটি কারাগারে গত শুক্রবার ব্যাপক দাঙ্গায় ৩১ জন প্রাণ হারান। এর কয়েক দিন আগে মানাউসের একটি কারাগারে কয়েদিদের দুটি পক্ষের মধ্যে ১৭ ঘণ্টার রক্তক্ষয়ী সংঘর্ষে ৫৬ জনের মৃত্যু হয়। পিএএমসি কারাগারে গত অক্টোবরে ভয়াবহ সহিংসতায় ১০ জন নিহত হন। তখন সেখানে ১ হাজার ৪০০ কয়েদি ছিলেন, যা ওই কারাগারের ধারণক্ষমতার দ্বিগুণ।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় মাদক ব্যবসা নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে প্রায়ই মারামারি হয়। ব্রাজিলের কারাগারগুলো কার্যত মাদক চোরাচালানি চক্রগুলোর নিয়ন্ত্রণেই চলে।