ব্রাজিলের বিমানটি প্রতিকূল আবহাওয়ায় বিধ্বস্ত
ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এদুয়ার্দো ক্যাম্পোসকে (৪৯) বহনকারী বিমানটি প্রতিকূল আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার সাও পাওলো রাজ্যের বন্দর শহর সান্তোসের একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় ক্যাম্পোসসহ বিমানটিতে থাকা সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে ক্যাম্পোসের নির্বাচনী প্রচারের ফটোগ্রাফার, ক্যামেরাম্যান, তথ্য উপদেষ্টাও রয়েছেন। ক্যাম্পোস রিও ডি জেনিরো থেকে সাও পাওলোর বাইরে গুয়ারুজা বিমানবন্দরে যাচ্ছিলেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র পেদরো লুইস ফারসিক দাবি করেছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমানবাহিনীর কর্মকর্তারা বলেন, গুয়ারুজা বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হওয়ার পর বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর জনবহুল আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
আকস্মিক এই দুর্ঘটনায় ব্রাজিলে শোকের ছায়া নেমে এসেছে। প্রেসিডেন্ট দিলমা রুসেফ দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে তাঁর প্রচার অনুষ্ঠান বাতিল করেছেন।
প্রতিদ্বন্দ্বী ক্যাম্পোসকে ‘মহান রাজনৈতিক নেতা’ হিসেবে অভিহিত করে এক বিবৃতিতে রুসেফ বলেন, ‘সারা ব্রাজিল শোকাহত। আমরা আজ একজন মহান ব্রাজিলিয়ানকে হারিয়েছি। আমরা একজন কমরেডকে হারিয়েছি।’
অক্টোবরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচন সামনে রেখে চালানো জনমত জরিপে তৃতীয় অবস্থানে রয়েছেন ক্যাম্পোস।
বিশ্লেষকেরা বলছেন, ক্যাম্পোসের মৃত্যুতে ব্রাজিলের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। কারণ প্রধান দুই দলের বাইরে ব্রাজিলের জনগণের সামনে বিকল্প একটি পছন্দ তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি।
ক্যাম্পোস ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সাবেক গভর্নর ছিলেন। ব্যবসাবান্ধব বামপন্থী হিসেবে তাঁর পরিচিতি ছিল।