ভয়ে শেষে সাপের পেটে গেলেন না

ধ্বংস হয়ে যাচ্ছে আমাজনের রেইন ফরেস্ট। সবার কাছে বিষয়টি তুলে ধরতে ব্যাকুল প্রকৃতিবিদ পল রসোলি। কিন্তু মানুষ তো এমনি এমনি কিছু শুনতে চায় না। চমকপ্রদ কিছু দেখাতে পারলে তবেই সবার দৃষ্টি কাড়া যায়। সে রকম একটা চমক দেখাতেই স্বেচ্ছায় সাপের পেটে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঢোল পিটিয়ে গণমাধ্যমে ঘোষণাও দেন। কিন্তু শেষমেশ ঘোষণা অনুসারে কাজ করেননি তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে প্রথমে জানানো হয়েছিল, পরিকল্পনা অনুসারে সুবিশাল এক অ্যানাকোন্ডার সামনে নিজেকে সঁপে দিয়েছেন পল। সাপটি তাঁকে জীবন্ত গলাধঃকরণ করেছে। কিন্তু পরে এএফপি আবার জানায়, গুরুতরভাবে আহত হওয়ার ভয়ে শেষ মুহূর্তে পল তাঁর অভিযান স্থগিত করেন।
সাপের পেটে পলের জীবন্ত যাওয়ার ওপর নির্মিত তথ্যচিত্র দেখার জন্য অসংখ্য কৌতূহলী মানুষের চোখ ছিল ডিসকভারি চ্যানেলের পর্দায়। কিন্তু গতকাল রোববার তথ্যচিত্রটি প্রচারিত হওয়ার পর দর্শকেরা হতাশ হয়েছেন। কারণ পল তাঁর ঘোষণামতো সাপের পেটে যাননি।
দর্শকদের বিভ্রান্ত করায় যোগাযোগের সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এক সমালোচক লিখেছেন, তথ্যচিত্রটির নাম ‘ইটেন অ্যালাইভ’-এর বদলে হওয়া উচিত ছিল ‘ইটেন অ্যালাইভ: জাস্ট কিডিং’।
প্রায় এক দশক ধরে পরিবেশ ও প্রতিবেশ নিয়ে কাজ করছেন পল। এই সুবাদে তাঁর মাথায় এমন অদ্ভুত ধারণা এসেছিল। তাঁর ভাষ্য, পৃথিবীর সবাই জানেন, রেইন ফরেস্ট হারিয়ে যাচ্ছে। বনের গুরুত্বের কথা অনেকেই বলতে পারেন। কিন্তু এখনো যথেষ্ট মানুষ ব্যাপারটিতে গুরুত্ব দিচ্ছেন না। যথেষ্ট মানুষ এই সমস্যা অনুধাবন করছেন না। তথ্যচিত্র থেকে পাওয়া অর্থ সচেতনতা ও পরিবেশ সংরক্ষণে ব্যয় করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
বিশ্বের সর্ববৃহৎ সাপ অ্যানাকোন্ডা সাধারণত তাদের শিকার গলাধঃকরণের আগে শ্বাসরোধ করে। শ্বাসরোধ ঠেকাতে পলের জন্য বিশেষ পোশাক তৈরি করেন বিশেষজ্ঞরা। ওই পোশাকে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা ছিল। আরও ছিল ক্যামেরা ও যোগাযোগব্যবস্থা।
পল জানান, সাপটি ছিল ২০ ফুট লম্বা। তিনি সাপটির কাছে যান। তখন সাপটি তাঁকে খাওয়ার মোটেই চেষ্টা করেনি। তিনি সরে যাওয়ার চেষ্টা করেন। সাপটিকে কিছুটা খেপিয়ে তোলেন। কিছুটা শিকারের মতো আচরণ করেন। তখন সাপটি ঘুরে দাঁড়ায়। একপর্যায়ে তাঁকে পেঁচিয়ে ধরে। তবে শেষ পর্যন্ত অভিযান গুটিয়ে নেন পল। তিনি আর স্বেচ্ছায় সাপের পেটে যাননি।