ভেনেজুয়েলার সেনারা আত্মরক্ষার প্রয়োজনে গুলি করতে পারবে
ভেনেজুয়েলায় গত বৃহস্পতিবার প্রকাশিত নতুন বিধিতে বলা হয়েছে, সেনারা নিজেদের জীবন ঝুঁকির মুখে মনে করলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে পারবে। এতে জনশৃঙ্খলা বজায় রাখতে সেনাসদস্যদের ধাপভিত্তিক করণীয় নির্ধারণ করে দেওয়া হয়। খবর এএফপি ও বিবিসির।
প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির লোপেস বলেন, গত বছরের তিন মাসব্যাপী সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এসব পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মগুলো ‘বিপজ্জনকভাবে অস্বচ্ছ’ বলে অভিযোগ করেছে নাগরিক অধিকারবিষয়ক কয়েকটি সংগঠন। তবে ভেনেজুয়েলার ন্যায়পাল তারেক উইলিয়ামস সাব বলেন, নিরাপত্তা বাহিনীকে পর্যায়ক্রমিকভাবে ব্যবহার করার বিষয়ে নতুন নিয়মগুলো খুবই স্পষ্ট। মানবাধিকার ও বিক্ষোভের অধিকার রক্ষা করাই এই পরিবর্তনের উদ্দেশ্য। জাতীয় শ্রমিক ইউনিয়নের নেতা মার্সেলা মাসপেরো বলেন, নতুন নিয়মগুলো শ্রমিক শ্রেণির জন্য প্রত্যক্ষ হুমকি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরস্ত্র বিক্ষোভকারী ও পথচারীদের ওপর নিয়মিত ভুল পদ্ধতিতে বলপ্রয়োগ করছে।