ভেনেজুয়েলায় ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের লক্ষ্যে গণভোট আয়োজনের দাবিতে বিরোধীদলীয় নেতাদের ডাকে শুক্রবার সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। এদিন রাজধানী কারাকাস ও অন্যান্য শহরে অনেক দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গণপরিবহনেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীসংখ্যা কম ছিল। তবে ধর্মঘটের প্রতি জনসাধারণের প্রতিক্রিয়া ছিল মিশ্র। দারিদ্র্যকবলিত বিভিন্ন এলাকার লোকজন ধর্মঘট অনেকটাই উপেক্ষা করেছেন। তেল উৎপাদনের জন্য সুপরিচিত লাতিন দেশ ভেনেজুয়েলায় কিছুদিন ধরেই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছে। খাবারের ঘাটতি ও দাঙ্গা-হাঙ্গামাও দেশটিতে বড় এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিরোধীদলীয় নেতারা এবার মাদুরোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে মাদুরো গত শুক্রবার বলেন, এ ধরনের উদ্যোগ হবে সংবিধানবিরোধী।
এএফপি