ভেনেজুয়েলায় নোট বাতিলের সিদ্ধান্তে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় নোট বাতিলের সিদ্ধান্তে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ১০০ বলিভার মানের নোট বাতিল করায় বিক্ষোভ করছে দেশটির মানুষ।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালাচ্ছে। সড়ক অবরোধসহ যানবাহনে হামলা চালাচ্ছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে তাদের।

দেশটির ছয়টি শহরজুড়ে এই বিক্ষোভ চলছে। এখন পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংঘর্ষে একজন আহত হয়েছে বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।

এই বিক্ষোভের পেছনে বিরোধী রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে বলে মনে করছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তিনি দাবি করেন, বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের ভাঙচুরের প্রচেষ্টা ও সহিংসতার ছবি ও ভিডিও চিত্র তাঁর কাছে আছে।

এদিকে নোট পরিবর্তনের জন্য ব্যাংকগুলোর সামনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বুথগুলোয় পর্যাপ্ত অর্থ পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও পুরোনো নোটই সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

অবশ্য মাদুরো সরকার জানিয়েছে, ইতিমধ্যে ব্যাংকগুলোয় নতুন করে অর্থ বিতরণ করা হয়েছে এবং জানুয়ারিতে সরবরাহ পুরোপুরি চাহিদা মেটাবে।

১২ ডিসেম্বর ১০০ বলিভার মানের নোট বাতিলের ঘোষণা দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ঘোষণা অনুযায়ী তিন দিনের মধ্যে ১০০ বলিভার নোট পাল্টে সমমানের ধাতব মুদ্রা বা ছোট নোট সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছিল জনগণকে। সীমান্তে চোরাকারবারি ও খাদ্যসংকটকে সামাল দিতে এ উদ্যোগ নিয়েছে সরকার। তাই মুদ্রা পাচার ঠেকাতে এই ঘোষণা দেওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ব্রাজিল ও কলাম্বিয়া সীমান্ত। তিন দিন সময় পার হয়ে গেলেও নোট বদল করে নিতে পারেনি বেশির ভাগ মানুষ।

ভেনেজুয়েলার মোট অর্থ সরবরাহের অর্ধেকই হচ্ছে ১০০ বলিভার নোটে। কয়েক বছর ধরেই দাম হারাচ্ছিল ১০০ বলিভার নোট। বর্তমানে এই নোট মাত্র দুই মার্কিন সেন্টে বিনিময় হচ্ছে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার অন্যতম প্রধান সমস্যা ব্যাপক মূল্যস্ফীতি। ২০১৫ সালে মূল্যস্ফীতির সবশেষ পরিসংখ্যান প্রকাশ করে দেশটির সরকার। এতে দেখা যায়, মূল্যস্ফীতির হার ১৮০ শতাংশ। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করছে, ২০১৭ সালে দেশটির মূল্যস্ফীতি ২০০০ শতাংশ হবে। মূলত, দুই বছর ধরে বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছে ভেনেজুয়েলা। দেশটির রপ্তানি আয়ের শতকরা ৯৫ ভাগই আসে জ্বালানি তেল থেকে। তাই তেলের দাম কমে যাওয়ায় রপ্তানি আয় কমেছে দেশটির। বিভিন্ন সামাজিক সুবিধা বাদ দিতে বাধ্য হয়েছে সরকার। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশ জনগণ মাদুরো সরকারের ওপর নাখোশ।