ভেনেজুয়েলায় বন্যা ও পাহাড়ধসে ১৫ জনের মৃত্যু
ভেনেজুয়েলার আন্দিজ পর্বতমালা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা ও পাহাড়ধসের ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাতে দেশটির নানা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রাকৃতিক এই বিপর্যয়ের আঘাত বেশি হয়েছে ভেনেজুয়েলার মোকোতিয়েস উপত্যকায়। উপত্যকাটির অবস্থান দেশটির পশ্চিমাঞ্চলে মেরিদা রাজ্যে। পর্যটকদের কাছে জনপ্রিয় এ অঞ্চলে কিছুদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হয়।
মেরিদার সার্বিক পরিস্থিতির ওপর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ থেকে নজরদারি করছেন জেহিসন গুজম্যান নামের এক কর্মকর্তা। তিনি ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মেরিদার প্রাকৃতিক বিপর্যয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে রাজ্যটির তোভার শহরে বন্যার পানির তোড়ে গাড়ি ও অন্য যানবাহন ভেসে যেতে দেখা গেছে। পাহাড় ধসে গাড়ি চাপা পড়ে থাকতে দেখা গেছে কিছু ছবিতে।
মেরিদার ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরেছেন রাজ্যের গভর্নর রামোন গুয়েভারা। তিনি জানান, মোকোতিয়েস নদীর পানি উপচে তোভারে বন্যা দেখা দিয়েছে। শহরটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। অচল হয়ে পড়েছে টেলিযোগাযোগব্যবস্থা। শহরটিতে প্রবেশের সড়কগুলোও বন্ধ হয়ে গেছে উল্লেখ করেন তিনি।
জেসাস কুইন্তেরো নামের স্থানীয় এক সাংবাদিক এবারের বন্যা ও পাহাড়ধস ২০০৫ সালের ঘটনার পুনরাবৃত্তি বলে উল্লেখ করেছেন। সে বছর ভারী বৃষ্টিপাতের কারণে মেরিদায় ৪১ জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ ছিলেন ৫২ জন।
এদিকে রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার নানা অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এ নিয়ে জাতীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। সারা দেশে বৃষ্টিপাতের জেরে ৩৪ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া ধ্বংস হয়ে গেছে ৮ হাজারের বেশি ঘরবাড়ি।