ভেনেজুয়েলায় বামপন্থীরা ধরাশায়ী

ভেনেজুয়েলায় সরকারবিরোধীরা গত ১৬ বছরের মধ্যে এই প্রথম পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। বিশ্লেষকেরা মনে করেন, অর্থনৈতিক মন্দা ও নিরাপত্তাহীনতার কারণে সমাজতন্ত্রী সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে দেশটির জনগণ। এটিকে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পরাজয় হিসেবে গণ্য হচ্ছে। খবর এএফপির।
নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই হার মেনে নিয়েছেন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এর মধ্য দিয়ে মাদুরোর পূর্বসূরি প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজ ভেনেজুয়েলায় ‘বিপ্লব’ এবং ‘একুশ শতকের সমাজতন্ত্র’ প্রতিষ্ঠার যে যাত্রা শুরু করেছিলেন, তা এক বড় বাধার সম্মুখীন হলো। মধ্য ডানপন্থী বিরোধী দল পার্লামেন্টের মোট ১৬৭ আসনের ৯৯টি জয় করেছে। ফলে দলটির সংখ্যাগরিষ্ঠতা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। দলের নেতা এনরিকে কাপ্রিলেস টুইটার বার্তায় বলেছেন, ভেনেজুয়েলা জয়ী হয়েছে। ফলাফল তাঁদের আশানুরূপ হয়েছে। এটা অপরিবর্তনীয়।
বিবিসির খবরে বলা হয়, হুগো চাভেজ ১৯৯৯ সালে বামপন্থী আন্দোলন শুরু করার পর তাঁর দলের এটি সবচেয়ে বড় পরাজয়। মাদুরোর নেতৃত্বে বামপন্থীরা এবার ৪৬টি আসন পেয়েছে। আরও ২২টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
এবারের নির্বাচনী প্রচার অভিযানে দুধ, চাল, কফি, চিনি, ভুট্টার আটা ও ভোজ্য তেলের মতো প্রধান খাদ্যগুলোর সংকটের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তেলের দাম ক্রমশ কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতি বড় ধরনের সংকটে পড়েছে। তেলই দেশটির প্রধান রপ্তানিপণ্য। সেখানে মূল্যস্ফীতির হার এখন লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি।
মধ্যপন্থী ও রক্ষণশীল দলগুলোর সমন্বয়ে গঠিত বিরোধী জোট অন্তত ১১২টি আসনে জয়ের আশা করছে। পার্লামেন্টে গত ১৬ বছর সমাজতন্ত্রীদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। বামপন্থীদের পরাজয়ের পর রাজধানী কারাকাসের রাস্তায় রাস্তায় আনন্দ-উল্লাস করেছেন বিরোধী জোটের সমর্থকেরা।
দল পরাজিত হলেও প্রেসিডেন্ট মাদুরো এখনই বিদায় নিচ্ছেন না। তবে তাঁর ভবিষ্যৎ নির্ধারণে বিরোধীরা গণভোট আয়োজন করতে পারে। আর সেই সুযোগ আসবে আগামী এপ্রিলে তাঁর মেয়াদকালের অর্ধেক পার হওয়ার পর। পার্লামেন্টে নিয়ন্ত্রণ হারালেও ভেনেজুয়েলার প্রেসিডেন্সিয়াল সরকারব্যবস্থায় মাদুরোর দল একটি ক্ষমতাশালী শক্তি হিসেবেই রয়ে যাবে।