ভেনেজুয়েলায় বিরোধীদের ব্যাপক বিক্ষোভ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভে তিনজন নিহত হয়েছেন। গত বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে এ নিহতের ঘটনার পর গতকাল বৃহস্পতিবার আরও জোরালো বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারীরা।
বুধবার রাজধানী কারাকাসে বিক্ষোভ ও সংঘর্ষ চলাকালে গুলিতে মারা যান ১৭ বছরের এক কিশোর ও ২৩ বছর বয়সী একজন নারী। আর এই শহরের বাইরে একজন সেনাসদস্য নিহত হন বলে খবর পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটের মধ্যে এ নিয়ে চলতি মাসে বিক্ষোভ-সংঘর্ষ ও সহিংসতায় নিহত হলেন আটজন।
নিকোলা মাদুরো তাঁর পদত্যাগের জন্য বিরোধীদের চাপ প্রত্যাখ্যান করেছেন। বুধবারের রক্তক্ষয়ী সহিংসতার জন্য একে অপরকে দায়ী করেছেন ভেনেজুয়েলার কংগ্রেসের বিরোধীদলীয় নেতা জুলিও বর্গাস ও ভাইস প্রেসিডেন্ট টেরেক এল ইসামি।
টানা কয়েক দিনের মতো বুধবার কারাকাস এবং অন্যান্য বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। চলমান খাদ্যঘাটতিতে চরম ক্ষুব্ধ বিক্ষোভকারীরা নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ও তাদের পাথর নিক্ষেপের জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
আন্দোলনের মধ্যে এদিন রাতেও কারাকাসের পশ্চিমাঞ্চলীয় এলাকায় কিছু বেকারি, সুপারমার্কেট ও খাবারের দোকান লুটের খবর পাওয়া গেছে। আর শহরের কেন্দ্রীয় এলাকায় গতকাল পাল্টা বিক্ষোভ দেখান কয়েক হাজার মাদুরো-সমর্থক।
আন্দোলনকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট মাদুরো সহিংস পন্থায় বিক্ষোভ দমনে সরকারের বিভিন্ন বাহিনী ও সেই সঙ্গে ‘সশস্ত্র গুন্ডাদের’ ব্যবহার করছেন।
বুধবারের সহিংস বিক্ষোভের পর গতকাল মাদুরোর ওপর চাপ বাড়াতে আরও বড় বিক্ষোভের ডাক দেওয়া হয়। এ ব্যাপারে বিরোধীদলীয় নেতা হেনরিক ক্যাপরিলেস বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ বিক্ষোভে লাখ লাখ মানুষ যোগ দিয়েছে। কাল (বৃহস্পতিবার) আমাদের আরও বেশি সংখ্যায় বিক্ষোভে শরিক হতে হবে।’
বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ওপর চাপ বাড়ছে সেই ২০১৪ সাল থেকে। ভেনেজুয়েলার অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তেল রপ্তানির আয় ক্রমাগত কমতে থাকায় দেশটির অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এর জের ধরেই তাঁর ওপর এ চাপের শুরু।