ভেনেজুয়েলার সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী বিরোধী রাজনৈতিক জোট ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ড টেবিলের (এমইউডি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সর্বোচ্চ আদালতের রায়ে অনির্দিষ্টকালের জন্য অকার্যকর হয়ে পড়েছে। বিরোধী জোটের নবনির্বাচিত তিন পার্লামেন্ট সদস্যের শপথ নেওয়ার ওপর আদালত গতকাল বৃহস্পতিবার স্থগিতাদেশ দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। খবর এএফপির।
ভেনেজুয়েলায় গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ১৬৭ আসনের মধ্যে বিরোধী জোট ১১২টি আসনে জেতে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১১০টি আসন। আদালত তিনটি আসনের ফলের ওপর স্থগিতাদেশ দেওয়ায় জোটের হাতে থাকছে ১০৯টি আসন। অর্থাৎ তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আর থাকছে না। ক্ষমতাসীন বামপন্থী প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর দল ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলা (পিএসইউভি) বিরোধী জোটের ছয়জন পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তাঁদের সদস্যপদ বাতিলের আবেদন করে। আদালত তাঁদের মধ্যে তিনজনের শপথ নেওয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছেন। রায় অনুযায়ী, তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই আসনগুলোতে আবার নির্বাচন হতে পারে।
বিরোধী জোট এমইউডি অভিযোগ করেছে, বিরোধীদের সাংবিধানিক শক্তি খর্ব করার উদ্দেশ্যেই মাদুরো সরকার এই অভিযোগ এনেছে। এ বিষয়ে এমইউডি জাতিসংঘ ও পশ্চিমা শক্তিধর দেশগুলোর সহায়তা চেয়েছে। তবে সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, ব্যাপক অনিয়ম ও কারচুপির মাধ্যমে বিরোধী জোট জয় পেয়েছে।