ভেনেজুয়েলায় মজুরি ৫০ শতাংশ বৃদ্ধি!
ভেনেজুয়েলা সরকার দেশটির ব্যাপক মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে ন্যূনতম মজুরি ৫০ শতাংশ বৃদ্ধি ও পেনশনের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এই পদক্ষেপ মানুষের চাকরি ও আয়কে সুরক্ষা দেবে। তবে সমালোচকেরা মনে করছেন এটি পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলবে। আজ সোমবার বিবিসি অনলাইনের এ খবরে এ তথ্য জানানো হয়।
তেলসম্পদে সমৃদ্ধ হলেও অর্থনৈতিকভাবে পর্যুদস্ত ভেনেজুয়েলায় এখন মূল্যস্ফীতি বিশ্বে সবচেয়ে বেশি। মুদ্রার দাম ক্রমেই কমে যাচ্ছে। সবচেয়ে বড় ১০০ বলিভার নোটের মূল্যমান এখন ৩ মার্কিন সেন্ট (১ মার্কিন ডলারের ৩৩ ভাগের ১ ভাগ)।
বিরোধীরা অভিযোগ করেছেন মাদুরো তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার ভেঙে পড়া অর্থনীতিকে সামাল দিতে ব্যর্থ হয়েছেন। তবে মাদুরো অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধী ও ব্যবসায়ীদের শত্রুতার কারণে তিনি অর্থনৈতিক যুদ্ধের মুখে পড়েছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, এ বছর দেশটিতে মুদ্রাস্ফীতি ১৬০০ শতাংশে পৌঁছাবে।
মাদুরো বলেন, তিনি মাসিক ন্যূনতম মজুরি বাড়িয়ে ৪০ হাজার বলিভার পর্যন্ত করবেন। যা এখন সরকারি হিসেবে ৬০ ডলার। এক বছরে এ নিয়ে পঞ্চমবারের মতো মজুরি বাড়ানো হলো। এই পদক্ষেপে সরকারি কর্মী, সশস্ত্র বাহিনী ও অবসরে যারা আছেন তারা উপকৃত হবেন।
বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় ভেনেজুয়েলা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এ ছাড়া এখানে খাদ্য, ওষুধ ও অত্যাবশ্যকীয় জিনিসপত্রের অভাব দেখা দিয়েছে।
বিরোধীরা বলছে, প্রেসিডেন্টের অযোগ্যতা ও ১৭ বছরের সমাজতান্ত্রিক নীতির ব্যর্থতার কারণেই এ সংকটের সৃষ্টি। তারা মাদুরোর পদত্যাগ দাবি করে।
কিন্তু প্রেসিডেন্ট অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশটির অভিজাতরা অর্থনৈতিক অন্তর্ঘাতকে উসকে দিচ্ছে।
দেশটির প্রধান বিজনেস অ্যাসোসিয়েশন জানায়, কোনো ধরনের আলোচনা না করেই ন্যূনতম মজুরি বৃদ্ধির এ ঘোষণা দেওয়া হয়। এর ফলে এখন ছাঁটাই হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।