ভেনেজুয়েলায় মানবতাবিরোধী অপরাধ, তদন্ত করবে আইসিসি
ভেনেজুয়েলায় ২০১৭ সালে সরকারবিরোধী বিক্ষোভ দমনের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছিল কি না, তা তদন্ত করে দেখবেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
বিবিসির খবরে বলা হয়, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলি করিম খান বলেছেন, ভেনেজুয়েলায় সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করতে যাচ্ছেন তিনি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, আদালতের তদন্তের সিদ্ধান্তকে সম্মান দেখাচ্ছে তাঁর দেশ। তবে সরকারের পক্ষ থেকে কোনো মতামত দেননি তিনি।
বিক্ষোভ দমনের সময় ১০০ জনের বেশি মানুষ নিহত হন। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিরোধী–অধ্যুষিত জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়।
ভেনেজুয়েলার সরকার ও বিরোধী দল উভয় পক্ষ থেকে আইসিসির কাছে সম্ভাব্য অপরাধ তদন্ত করে দেখার আহ্বান জানানো হয়। ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদোর পক্ষ থেকেও আইসিসির তদন্তকে স্বাগত জানানো হয়েছে। টুইটারে গুইদো লিখেছেন, তদন্তের ফলে ভুক্তভোগী ও তাঁদের পরিবার ন্যায়বিচার পাওয়ার অধিকার দাবি করতে পারবেন।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তদন্তে মাদুরোর সরকারের নৃশংসতার শিকার ব্যক্তিদের ন্যায়বিচারের পথ খুলে দেবে।