ভেনেজুয়েলায় হেরে গেল মাদুরোর দল

ভেনেজুয়েলায় এবারের নির্বাচনে জয়ী হয়েছে মধ্য-ডানপন্থী জোট এমইউডি। এর মধ্যে দিয়ে দেশটিতে বামপন্থীদের প্রায় দুই দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো পরাজয় মেনে নিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
নির্বাচনের পাঁচ ঘণ্টা পর ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল (সিএনই) ঘোষিত ফলাফলে দেখা গেছে, বিরোধী এমইউডি জোট ১৬৭টি আসনের মধ্যে ৯৯টি আসনে জয়ী হয়েছে। সিএনইর প্রধান তিবিসে লুসেনাও একই ফল ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট মাদুরো এই ফলাফলকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করে তা মেনে নিয়েছেন।
বিজয়ী জোটের অন্যতম নেতা ডেমোক্রেটিক ইউনিটি রাউন্ডটেবিলের হেনরিক কেপরিলস টুইট বার্তায় বলেন, ‘প্রত্যাশিত ফল হয়েছে। ভেনেজুয়েলা জয়ী হয়েছে। এটি অপরিবর্তনীয়।’
নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীরা রাজধানী কারাকাসে আতশবাজি পুড়িয়ে আনন্দ করতে শুরু করেন।
১৯৯৯ সালে প্রয়াত নেতা হুগো চাভেজের হাত ধরে রাষ্ট্রক্ষমতায় যায় বামপন্থীরা। ওই সময় থেকে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়। বামপন্থীরা ৪৬টি আসনে জয়ী হয়েছে। আর ২২টি আসনের ফল এখনো ঘোষণা করা হয়নি।
চাল, ময়দা, তেল, দুধ, কফি, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মাদুরোর দলের পরাজয়কে ত্বরান্বিত করে। প্রেসিডেন্ট মাদুরো এই সংকটকে অবশ্য বিরোধী দল সৃষ্ট ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে মন্তব্য করেছিলেন।
মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি কম আসন পেলেও দেশটির রাজনীতিতে শক্তিশালী দল হিসেবে থাকবে। মিউনিসিপালিটিগুলো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে।