মশা নিয়ন্ত্রণে ব্রাজিলে দুই লাখ সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল সরকার জিকা ভাইরাসবাহী মশা নিয়ন্ত্রণের জন্য ঘরে ঘরে অভিযান চালাতে দুই লাখের বেশি সেনা মোতায়েন করেছে। গর্ভবতী মায়েরা এই ভাইরাসে আক্রান্ত হলে ভূমিষ্ঠ সন্তানের মধ্যে গুরুতর জন্মগত ত্রুটি দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে। এই ভাইরাস ছড়িয়ে পড়ায় লাতিন আমেরিকার কয়েকটি দেশে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর এএফপির।
ব্রাজিলের পত্রিকা ও গ্লোবো লিখেছে, স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কাস্ত্রো বলেছেন, সেনাসদস্যরা প্রচারপত্র ও পরামর্শ দিতে সারা দেশের বাড়ি বাড়ি যাবেন। মন্ত্রী আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অন্তত চার লাখ গর্ভবতী নারীকে মশা তাড়ানোর ওষুধ বিতরণ করা হবে।
জিকা ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য ব্রাজিল সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে। এডিস মশাবাহিত এই রোগের কারণে নবজাতক শিশুদের মধ্যে জন্মগত ত্রুটি হচ্ছে বলে চিকিৎসকদের আশঙ্কা। এর মধ্যে একটি অসুখ হচ্ছে মাইক্রোসেফালি, যাতে শিশুরা অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্ম নেয়। তবে ব্রাজিলে মাইক্রোসেফালির সংখ্যা হঠাৎ অনেক বেড়ে গেলেও এটি জিকা ভাইরাসের কারণেই হচ্ছে কি না, তা এখনো শতভাগ নিশ্চিত নয়।
সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পর্যায়ে আতঙ্ক সৃষ্টি করা ইবোলা ভাইরাসের মতো জিকা ভাইরাস একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়ায় না। এর লক্ষণের মধ্যে রয়েছে জ্বর ও ত্বকে র্যাশ।