জন্মগতভাবে শিশুর অস্বাভাবিক ছোট মাথা ও ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক বা মাইক্রোসেফালিতে আক্রান্ত হওয়ার সঙ্গে জিকা ভাইরাসের সম্পর্ক থাকা বিষয়ে আরও তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া দেশ ব্রাজিলের বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
ব্রাজিলের পিইউসি-পারানা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল দুই নবজাতকের মস্তিষ্কে জিকা ভাইরাসের উপস্থিতি চিহ্নিত করেন। শিশু দুটি মাত্র ৪৮ ঘণ্টা জীবিত ছিল। প্রধানত এডিস মশাবাহিত ভাইরাসটি নবজাতকের মাইক্রোসেফালির জন্য দায়ী বলে বেশ কিছুদিন ধরে ধারণা করা হচ্ছিল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও স্লোভেনিয়ার বিজ্ঞানীরাও কয়েকটি শিশুর মস্তিষ্কের নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে জিকা ভাইরাস শনাক্তের কথা ঘোষণা করেছিলেন। এ ফলাফলে আরও তথ্য-প্রমাণ যুক্ত করল ব্রাজিলের বিজ্ঞানী দলের আবিষ্কার।
সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বিবিসিকে বলেন, ওই দুই নবজাতকের মস্তিষ্কের টিস্যু থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় জিকার সক্রিয় উপস্থিতি পাওয়া যায়। তাঁরা এখন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের পারেইবা রাজ্যে ১০ অন্তঃসত্ত্বা নারীর ওপর বিশেষ নজর রাখছেন।
মাইক্রোসেফালিতে আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যটি ব্রাজিলে দ্বিতীয় স্থানে রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে জিকা ভাইরাসের সংক্রমণের কথা জানা গেলেও এ পর্যন্ত লাতিন আমেরিকাতেই এর প্রাদুর্ভাব বেশি। আর আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কিছুসংখ্যক শিশু অস্বাভাবিক ছোট মাথা ও ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক নিয়ে জন্মেছে। তাই বিশেষ করে এ অঞ্চলের অন্তঃসত্ত্বা নারীরা আতঙ্কে রয়েছেন।
ব্রাজিলে এ পর্যন্ত নিশ্চিতভাবে জানা মাইক্রোসেফালির ঘটনা ৪৬০টি। এ ছাড়া প্রায় ৩ হাজার ৮৫০ শিশু মাইক্রোসেফালি আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
ব্রাজিলে আরও সেনা মোতায়েন: মাইক্রোসেফালিতে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকার প্রেক্ষাপটে গত শনিবার ব্রাজিল জানিয়েছে, জিকা ভাইরাসের ঝুঁকির বিষয়ে সতর্ক করতে দেশজুড়ে আরও দুই লাখের বেশি সেনা মোতায়েন করা হচ্ছে।
এর আগে ৫ ফেব্রুয়ারি জিকা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রাজিল। দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেন, এর আওতায় হাজার হাজার সেনাসদস্য ও সরকারি কর্মচারী বাড়ি ও অফিস-আদালতে মশা নিধনে অংশ নেবেন।
শনিবার রুসেফ বলেন, জিকা ভাইরাস নিয়ে সৃষ্ট সংকটের জেরে আগামী আগস্টে ব্রাজিলে অনুষ্ঠেয় অলিম্পিক আয়োজন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।