মাদুরো যে কারণে হেরে গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোলা মাদুরো
নিকোলা মাদুরো

আজ থেকে ১৬ বছর আগে হুগো চাভেজের হাত ধরে ভেনেজুয়েলায় সমাজতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় নেতা হয়ে ওঠেন চাভেজ। নিজের দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর প্রভাব বাড়তে থাকে। তিন বছর ক্যানসারের সঙ্গে লড়ে মারা যান তিনি। উত্তরসূরি হিসেবে তখন রাষ্ট্রক্ষমতায় বসেন নিকোলা মাদুরো। তবে শেষ রক্ষা হলো না। এবারের নির্বাচনে ধরাশায়ী হলো বামপন্থীরা। কেন এমনটি হলো, এর উত্তর খুঁজেছে বিবিসি ও এএফপি।

সামরিক বাহিনীর লোক ছিলেন হুগো চাভেজ। ১৯৯৯ সালে তিনি ক্ষমতায় বসেন। দেশটিতে যাত্রা শুরু হয় সমাজতন্ত্রের। চাভেজকে বলা হতো এ কালের ফিদেল কাস্ত্রো। বয়সের বেশ পার্থক্য থাকলেও কাস্ত্রো আর চাভেজ ছিলেন ভালো বন্ধু। যেকোনো প্রয়োজন বা পরামর্শের জন্য চাভেজ কিউবায় তাঁর গুরু কাস্ত্রোর সঙ্গে দেখা করতে চলে যেতেন। কট্টর মার্কিনবিরোধী এই দুই নেতাকে বাগে আনার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা কম চেষ্টা করেনি। তবে সব প্রতিকূলতা উপেক্ষা করে তাঁরা নিজ নিজ দেশে সমাজতন্ত্রের আদর্শ ধরে রাখতে সক্ষম হন।

এমন অনুকূল একটি অবস্থায় ক্ষমতাসীন হওয়ার পরও পূর্বসূরি চাভেজের অর্জন কেন ধরে রাখতে পারলেন না মাদুরো?

এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রথমেই এই দুই নেতার ব্যক্তিগত গুণাবলির বিষয়টি সামনে চলে এল। চাভেজের যে শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত গুণ ও দক্ষতা বা সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের ক্ষমতা, মাদুরোর তা ছিল না। এতে সমাজতান্ত্রিক মূল্যবোধ নিয়ে জনকল্যাণমূলক নানা পদক্ষেপ নিয়ে চাভেজ যেভাবে এগিয়ে যেতে পেরেছেন, মাদুরো তা করতে ব্যর্থ হয়েছেন। বন্ধু হিসেবেও তিনি কাস্ত্রোর মতো কোনো জোরালো ব্যক্তিত্বের সংস্পর্শ পাননি, যিনি তাঁকে বিপদ থেকে উদ্ধারের পথ বাতলে দিতে পারেন।

বিশ্বের অন্যতম তেলসমৃদ্ধ দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে চাভেজ তেলের চড়া দাম ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। এতে তেল বিক্রির অর্থ তিনি অনায়াসে জনকল্যাণমূলক প্রকল্পে খরচ করতে পেরেছেন। মাদুরো তা করতে পারেননি। তাঁর আমলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৪০ ডলার থেকে কমতে কমতে ৪০ ডলারে নেমে এসেছে। ঘাটতি এড়াতে মাদুরো সরকারকে স্বভাবতই বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে কাটছাঁট করতে হয়েছে। এতে দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, চাকরি-বাকরির সুযোগ কমেছে, অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সব মিলিয়ে নাগরিকদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা দেখা দেয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে নাগরিকেরা ক্ষমতাসীন মাদুরো সরকারের বিরুদ্ধে ভোট দেন।

তেলই ভেনেজুয়েলার প্রধান রপ্তানিপণ্য। তাই তেলের দাম ক্রমশ কমে যাওয়ায় দেশটির অর্থনীতি বড় ধরনের সংকটে পড়ে। এখানকার মূল্যস্ফীতির হার এখন লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। চাল, আটা, ভোজ্যতেল, দুধ, চিনি ও কফির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করে। নির্বাচনী প্রচারের সময় এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যদিও মাদুরোর অভিযোগ, বিরোধীদের সৃষ্ট এই সংকট তাঁর বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’-এর হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে শেষ কথা হলো, মাদুরো এই পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে ভোটাররা ব্যালট পেপারের মাধ্যমে রায় দিয়ে দিয়েছেন।

বিশ্লেষকেরা এই নির্বাচনে মাদুরোর পরাজয়ের জন্য আরেকটি কারণের কথা বলেছেন। সেটি হলো—দীর্ঘদিন ক্ষমতাসীন থাকায় ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার (পিএসইউভি) মধ্যে এক ধরনের স্বেচ্ছাচারিতা দেখা দিয়েছিল, যা দুর্নীতিকে উসকে দিয়েছে বলে অভিযোগ আছে। এ ব্যাপারে ক্ষমতাসীন দলের চেয়ে বিরোধী দলে থাকা দল সব সময়ই সুবিধাজনক অবস্থায় থাকে। মধ্য-ডানপন্থী জোট এমইউডিও এ ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় ছিল। জনগণ স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি থেকে মুক্তি পেতে বিকল্প বেছে নিয়েছে।

তবে পার্লামেন্টের মোট ১৬৭ আসনের মধ্যে ৯৯টিতে জয়ী এমইউডি জোট সরকার গঠন করে কীভাবে অর্থনৈতিক মন্দাবস্থা দূর করবে, তার ওপরই নির্ভর করবে দেশটিতে বামপন্থীদের ভবিষ্যৎ কী হবে। কারণ, এমইউডি যদি সফল হয় তাহলে মাদুরোর দল পিএসইউভির ক্ষমতায় আসাটা খানিকটা কঠিন হয়ে পড়বে। তবে তারা ব্যর্থ হলে মাদুরোর দলের সুদিন ফিরতে পারে। দেশটির নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের কাছে পিএসইউভি এখনো বেশ জনপ্রিয় দল।