মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইলেন রাউল কাস্ত্রো

কিউবার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্থনৈতিক ও বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করতে নিষেধাজ্ঞা প্রত্যাহার দরকার বলে মনে করে কিউবা। খবর এএফপির।
কোস্টারিকায় কমিউনিটি অব ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটসের (সিইএলএসি) শীর্ষ সম্মেলনে এই দাবি করেন রাউল। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের বড় বাধা এই নিষেধাজ্ঞা।
মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দেশটির কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। স্নায়ুযুদ্ধ চলাকালে ১৯৬২ সালে ওই নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি গুয়ানতানামো বে এলাকা ফেরত এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকা থেকে কিউবার নাম প্রত্যাহারের দাবি করেন রাউল। গুয়ানতানামো বে এলাকা কিউবার কাছ থেকে ১০০ বছরের জন্য লিজ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেখানকার বিতর্কিত মার্কিন কারাগারেই সন্ত্রাসবাদবিরোধী অভিযানে আটক অনেকে বন্দী রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো গত মাসে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কিউবা সফরে যায়। ৩৫ বছর পর আলোচনা হয় দুই দেশের মধ্যে।