মার্কিন নিষেধাজ্ঞায় কিউবার নিরাপত্তামন্ত্রী
কিউবার নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি বিশেষ বাহিনী ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দেয়। কিউবায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাভানার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি কিউবায় বিরল সরকারবিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভে অংশ নিতে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কিউবা।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কিউবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আক্রমণাত্মক ভূমিকা নেয়। বিক্ষোভে এক ব্যক্তির নিহত হওয়ার তথ্য স্বীকার করে কিউবা। এ ছাড়া সরকারবিরোধী বিক্ষোভের জেরে অনেককে গ্রেপ্তার করা হয়।
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল বিক্ষোভকারীদের ‘প্রতিবিপ্লবী’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে প্রতিবিপ্লবীদের (বিক্ষোভকারী) মোকাবিলায় তিনি বিপ্লবীদের রাস্তায় নামতে বলেন। এই আহ্বানের পর তাঁর পক্ষের লোকজন বিক্ষোভকারীদের দমনে অংশ নেন।
কিউবায় অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেন মিগুয়েল দিয়াজ-ক্যানেল। কিউবার ওপর দীর্ঘদিন ধরে থাকা যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞাকে অর্থনৈতিকভাবে দমবন্ধের নীতি হিসেবে অভিহিত করেন তিনি।
জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কিউবার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিল তাঁর প্রশাসন। এই পদক্ষেপের মধ্য দিয়ে কিউবার কমিউনিস্ট সরকারের ওপর ওয়াশিংটন চাপ বাড়াল।
রয়টার্স বলছে, কিউবায় বিক্ষোভের পর দ্রুত নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নিয়ে বাইডেন প্রশাসন এমন ইঙ্গিত দিল যে হাভানার প্রতি তাঁর সরকারের নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণের সম্ভাবনা নেই।
বিক্ষোভকারীদের গণহারে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বাইডেন। কিউবার ওপর বর্তমান মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেছেন, এটা সবে শুরু। কিউবার জনগণের ওপর নিপীড়নের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে কিউবা। এই নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন ও নিন্দনীয় হিসেবে অভিহিত করেছে হাভানা। পদ্ধতিগত নিপীড়ন ও পুলিশি বর্বরতার জন্য এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকে নিজেদের ক্ষেত্রে আরোপ করতে বলেছে কিউবা।
স্নায়ুযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার মতাদর্শিক বিরোধ চলে আসছে। সাম্প্রতিক বছরগুলোয় দেশটির বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা জোরদার করেছে ওয়াশিংটন।
করোনাভাইরাসের সংক্রমণ আর অর্থনৈতিক সংকট নিয়ে কিউবার জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছিল। বিশেষত, খাবার ও জ্বালানির মতো নিত্যপণ্যের ঘাটতি, নাগরিক অধিকার খর্ব হওয়া, মহামারির লাগাম টানতে কর্তৃপক্ষের ব্যর্থতার অভিযোগ দেশটির জনগণকে বিক্ষুব্ধ করে তোলে। যার বহিঃপ্রকাশ সাম্প্রতিক বিক্ষোভ। কয়েক দশকের মধ্যে এটাই ছিল কিউবায় সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলের পদত্যাগ দাবি করেন।