ডেমোক্রেটিক পার্টির সিনেটর প্যাট্রিক লিহির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে গতকাল শনিবার কিউবা গেছে। দ্বিপক্ষীয় সহযোগিতার উন্নয়নই তাদের লক্ষ্য। গত মাসে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ এল। খবর এএফপির।
প্রতিনিধিদলের প্রধান সিনেটর লিহি বলেন, তাঁরা আগেও কিউবায় গিয়েছেন। কিউবা-নীতি নিয়ে প্রেসিডেন্টের নতুন নির্দেশনার প্রতি তাঁদের জোরালো সমর্থন রয়েছে। এবার যাচ্ছেন সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে মার্কিন এবং কিউবার মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা করতে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি দীর্ঘ কয়েক দশকের পুরোনো বিচ্ছিন্নতা নীতির অবসান ঘটিয়ে কমিউনিস্টশাসিত দ্বীপরাষ্ট্র কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নেন। মিত্ররা এ ব্যাপারে ওবামার প্রশংসা করলেও বিরোধী রিপাবলিকান দল কড়া সমালোচনা করেছে।
গত শুক্রবার থেকে দুই দেশের মধ্যে নিয়মিত উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। মার্কিন নাগরিকদের কিউবা ভ্রমণের ওপর কড়াকড়ি শিথিল করা হয়েছে।
কিউবার সঙ্গে সমঝোতা এবং বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে সরাসরি যুক্ত ছিলেন লিহি। পাশাপাশি তিনি গত বছর একটি গুরুত্বপূর্ণ ঘটনায় মানবিক ভূমিকায় অবতীর্ণ হন—যুক্তরাষ্ট্রে ১৯৯৮ সাল থেকে বন্দী কিউবার গুপ্তচর গেরার্দো হার্নান্দেজের স্ত্রী আদ্রিয়ানার গর্ভধারণে কৃত্রিম প্রজনন-পদ্ধতি ব্যবহারে সহায়তা করেন। ৬ জানুয়ারি জন্ম নিয়েছে ওই দম্পতির সন্তান। এর মাত্র ২০ দিন আগে হার্নান্দেজ আরও দুই গুপ্তচরের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেয়ে কিউবায় ফিরে যান।
মার্কিন প্রতিনিধিদল সফরে কিউবার সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ভিন্নমতাবলম্বীদের সঙ্গে আলোচনা করবে। এ ছাড়া মেক্সিকো, নরওয়ে, কলম্বিয়াসহ কয়েকটি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। কিউবার ভিন্নমতাবলম্বী তিন ব্যক্তি বের্তা সোলের, হোসে দানিয়েল ফেরের ও এলিজার্দো সানচেস এএফপিকে বলেছেন, তাঁরা মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আজ রোববার বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন।
সুসম্পর্কের পক্ষে অধিকাংশ মার্কিন: যুক্তরাষ্ট্র-কিউবার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার সাম্প্রতিক উদ্যোগের প্রতি ৬৩ শতাংশ মার্কিন নাগরিকেরই সমর্থন রয়েছে। আর কিউবার ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন দুই-তৃতীয়াংশ মার্কিন। গত শুক্রবার প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জনমত জরিপের ফলে এ তথ্য পাওয়া গেছে। তবে এতে বলা হয়, মাত্র ৩২ শতাংশ মার্কিন মনে করে কিউবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন হলে দেশটিতে অধিকতর গণতন্ত্র আসবে। লাতিন বংশোদ্ভূত (হিস্পানিক) মার্কিনদের বড় অংশ (৬৫ শতাংশ) যুক্তরাষ্ট্র সরকারের নতুন নীতির প্রতি সমর্থন জানিয়েছে।