মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান রাউল কাস্ত্রোর
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো জাতিসংঘে বলেছেন, তাঁর দেশের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে। গুয়ানতানামো বে সামরিক ঘাঁটি কিউবাকে ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রকে ‘কমিউনিস্টবিরোধী প্রচারণা’ বন্ধ করতে বলেন রাউল কাস্ত্রো। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও সোমবার কিউবার ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘে এদিন দেওয়া ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস শিগগিরই এ কাজ সম্পন্ন করবে বলে তাঁর বিশ্বাস। ্উল্লেখ্য, কংগ্রেস এখন ওবামার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে।
নিউইয়র্কে ওবামা ও কাস্ত্রোর মধ্যে গতকাল মঙ্গলবারই বৈঠক হওয়ার কথা।
রাউল কাস্ত্রো বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আবার শুরু হয়েছে। এখন কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য অবরোধ তুলে নেওয়া হলেই সামগ্রিক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে।১৯৬০ সাল থেকে কিউবার ওপর মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা রয়েছে। এটি সম্পর্কে তিক্ততার একটি বড় কারণ।