মার্কেজের বইয়ের প্রথম কপি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী কলম্বিয়ান সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপন্যাস হান্ড্রেড ইয়ারস অব সলিটিউড-এর প্রথম সংস্করণের একটি বিরল কপি উদ্ধার করেছে পুলিশ। চুরি হয়ে যাওয়া বইটিতে মার্কেজের স্বাক্ষর ছিল। খবর বিবিসি ও এএফপির।
কলম্বিয়ার পুলিশ বলেছে, ২ মে বইটি রাজধানী বোগোটার আন্তর্জাতিক বইমেলার একটি ক্যাবিনেট থেকে হারিয়ে যায়। মেলায় প্রদর্শনের জন্য বইটি রাখা ছিল। বইটির মালিক আলভারো কাস্তিরো ২০০৬ সালে এটি কিনেছিলেন। পরে এতে মার্কেজের অটোগ্রাফ নেওয়া হয়। খ্যাতিমান এ কথাশিল্পী গত বছর মারা যান।
পুলিশ পুরোনো বইয়ের দোকান থেকে বইটি উদ্ধার করে। পুলিশের ধারণা, পুরোনো শিল্প ও অন্যান্য দ্রব্যের ব্যবসায়ীরা এই চুরির সঙ্গে জড়িত। ১৯৬৭ সালে আর্জেন্টিনা থেকে বইটি প্রথম প্রকাশিত হয়। প্রথমবার ছাপা হয় আট হাজার কপি।
বিরল কপিটি ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সংগ্রাহক কাস্তিরো বলেছেন, ‘এটি অমূল্য সম্পদ। আর এটি আমার একার বই না। এর মালিক কলম্বিয়ার প্রতিটি মানুষ।’
মার্কেজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কাস্তিরো মেলার আয়োজকদের বইটি দিয়েছিলেন।