মুক্তি পেলেন ৩০০ খুনের পপাই

কলম্বিয়ার মাদকসম্রাট পাবলো এস্কোবারের ভাড়াটে কুখ্যাত খুনি জন জাইরো ভেলাসকেজ ওরফে পপাইকে কারাগার থেকে গতকাল মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে। ৩০০ জনকে খুন করার কথা স্বীকার করেন পপাই। আজ বুধবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
পপাইয়ের ৩০ বছরের কারাদণ্ড হয়েছিল। এর মধ্যে ২২ বছর দণ্ড ভোগ করার পর তাঁকে মুক্তি দেওয়া হলো। ৫২ বছর বয়সী পপাই কম্বিটার উচ্চ নিরাপত্তার কারাগার থেকে ছাড়া পান। আগামী চার বছর তিনি অবেক্ষাধীন থাকবেন।
আশি থেকে নব্বইয়ের দশকের মধ্যে সংঘটিত তিন হাজারের মতো হত্যাকাণ্ডে তাঁর পরোক্ষ ভূমিকা ছিল বলেও দায় স্বীকার করেন পপাই।
কড়া পুলিশি প্রহরার মধ্যে জাইরো ভেলাসকেজ ওরফে পপাই কারাগার ছাড়েন। তাঁর জন্য এই পরিমাণ নিরাপত্তাব্যবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কারাগারের বাইরেও তাঁকে এক অর্থে বন্দীই থাকতে হবে। যদিও এমন আশঙ্কা তিনি বরাবরই করে আসছিলেন।
পপাইয়ের মুক্তির ঘটনা নিয়ে কলম্বিয়া দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। নির্যাতনের শিকার ব্যক্তিরা বলছেন, পপাই তাঁর কৃতকর্মের উপযুক্ত শাস্তি পাননি। আরেক পক্ষ বলছে, পপাই দুই দশক শাস্তি ভোগ করেছেন। এই মুক্তি তাঁকে জীবনে ফেরার আরেকটি সুযোগ দিতে পারে।
১৯৮৯ সালে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইসকার্লোস গালানকে হত্যার দায়ে পপাই দোষী সাব্যস্ত হন। পরে তিনি রাজসাক্ষী হয়ে আদালতকে জানান, ১৯৯০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী গালানকে হত্যার জন্য নির্দেশ দেন তত্কালীন বিচারমন্ত্রী আলবার্তো সান্তোফিমিও।
মাদকের বিরুদ্ধে লুই কার্লোস গালানের অবস্থান ছিল শক্ত। ধারণা করা হচ্ছিল, তিনি নির্বাচনে জয় পাবেন। কিন্তু নির্বাচনের প্রচার চালানোর সময় বক্তৃতার প্রস্তুতিকালে বগোতা শহরে তাঁকে গুলি করে হত্যা করা হয়। পপাইয়ের এই সাক্ষ্যের পর মাদকসম্রাট এস্কোবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সাবেক বিচারমন্ত্রীর ২৪ বছরের সাজা হয়।