মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি ও অবৈধ ঠেকাতে নির্বাহী আদেশ সই
মেক্সিকোর সঙ্গে সীমান্তে দেয়াল তৈরি এবং যুক্তরাষ্ট্রের যেসব অঞ্চলের কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের আটক বা গ্রেপ্তার করে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এ-সংক্রান্ত দুটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেন।
আগামী কয়েক দিনের মধ্যেই ট্রাম্প মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখাসহ বৈধ অভিবাসনও নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছিলেন, বুধবারই জাতীয় নিরাপত্তা বিষয়ে কিছু বড় ঘোষণা আসতে পারে। এর পরিপ্রেক্ষিতে গতকাল হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরে গিয়ে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি।
এর আগে বিভিন্ন কংগ্রেস সদস্যের সহকারী ও অভিবাসন বিশেষজ্ঞদের বরাতে জানা গেছে, নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন—এই সাতটি দেশের নাগরিকদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া বন্ধ রাখা হতে পারে। এসব দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ‘অনেক বেশি’ কঠোর করা হতে পারে। দেশটিতে যেতে চাওয়া শরণার্থীদের ওপরও কয়েক মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় ট্রাম্প ‘জঙ্গিবাদ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত’ মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, এ পদক্ষেপ আমেরিকানদের জঙ্গি হামলা থেকে রক্ষা করবে।
এ বিষয়ে ক্ষমতা হস্তান্তরের আগে ট্রাম্পের অন্তর্বর্তীকালীন দলের পরামর্শক হিসেবে কাজ করা জেমস কারাফানো বলেছেন, নতুন পদক্ষেপগুলো মুসলিমবিরোধী হবে না। নিরাপত্তার প্রশ্নে সংবিধান ও আইন প্রেসিডেন্টকে ভিসা-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। সেখানে ধর্ম নয়, বরং সংঘাতপূর্ণ এলাকা বা দেশই বিবেচ্য বিষয়।
তবে সম্ভাব্য এসব পদক্ষেপের কঠোর সমালোচনা করছে অভিবাসন ও মানবিক সহায়তাবিষয়ক বিভিন্ন সংগঠন। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের ত্রিতা পারসি বলেন, ‘নির্বাচনী প্রচারণায় দেওয়া সবচেয়ে নির্লজ্জ ও বৈষম্যমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ভালোভাবেই এগিয়ে চলেছেন ট্রাম্প।’
গোপন কারাগার চালু হবে?
এদিকে এপি বলেছে, হোয়াইট হাউস থেকে দেওয়া একটি আদেশের খসড়ায় যুক্তরাষ্ট্রের বাইরে থাকা সিআইএর বিভিন্ন গোপন কারাগার নতুন করে চালু করার ইঙ্গিত রয়েছে। এতে জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, প্রেসিডেন্ট ‘যুক্তরাষ্ট্রের বাইরে বড় বিদেশি সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ করতে কোনো কর্মসূচি’ নতুন করে চালু করতে পারবেন কি না।