মেক্সিকোর মুদ্রার দামে পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে মেক্সিকোর নাগরিকদের উদ্বেগ বেড়ে গেছে। বিশেষ করে সীমান্তে দেয়াল তোলার পরিকল্পনায় আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন তাঁরা। মেক্সিকোর মুদ্রা পেসোও বড় ধরনের ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছিল। সে আশঙ্কাই সত্যি হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার শুরু থেকেই অবৈধ অভিবাসন সূত্রে প্রতিবেশী মেক্সিকোবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন ট্রাম্প। এটি ছিল তাঁর প্রচারণার অন্যতম অস্ত্র। নির্বাচনের ফলাফলের পরপর ডলারের বিপরীতে পেসোর মূল্যমান ১৩ শতাংশ কমে যায়। ১৯৯৪ সালের পর এই প্রথম পেসোর এত বেশি দরপতন হলো।
কয়েক দিন আগেই গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ফার্ম বলেছিল, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে পেসোর মান ৩০ শতাংশ পড়ে যেতে পারে। পরিস্থিতি সে রকম হলে মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংককে আগামী কয়েক দিনের মধ্যেই জরুরি বৈঠক ডাকতে হবে। দেশটির অর্থনীতির জন্য বড় ধাক্কা হিসেবেই এসেছে ট্রাম্পের বিজয়।
গত সোমবার মেক্সিকোর মার্কিন দূতাবাসে ভ্রমণ ভিসার জন্য গিয়েছিলেন কার্লা গাসা। তিনি তখনই আশঙ্কা প্রকাশ করেন, ট্রাম্প ক্ষমতায় এলে এই ধরনের ভিসা পাওয়া কঠিন হয়ে যাবে। কার্লা বলেন, ‘তিনি (ট্রাম্প) আমাদের অর্থনীতি এবং মুক্ত বাণিজ্য চুক্তির জন্য হুমকি হবেন।’