মেক্সিকোর সবচেয়ে বড় আতশবাজির বাজারে গত মঙ্গলবার বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, রাজধানী মেক্সিকো সিটির শহরতলি তুলতেপেক থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সান পাবলিতো এলাকায় ওই বিস্ফোরণ ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে গেলে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
ঐতিহ্যবাহী বর্ষশেষ উৎসবের জন্য নানা রঙের আতশবাজি কিনতে ঘটনাস্থলে লোকজনের ভিড় ছিল। ফায়ার সার্ভিস তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
লাতিন আমেরিকার অনেক দেশে বড়দিন ও নববর্ষ উৎসবে প্রচুর আতশবাজি পোড়ানো হয়।
বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী ওয়াল্টার গারদুনো বলেন, ‘প্রথমে একটা শব্দ শুনলাম। তারপর সবকিছুতে আগুন ধরে যেতে লাগল। লোকজন ছুটে পালাচ্ছিলেন। তাঁদের কারও কারও গায়ে আগুন ধরে গিয়েছিল। এর মধ্যে শিশুও ছিল।’
মেক্সিকোর প্রধান প্রসিকিউটর মিলেনিও আলেহান্দ্রো ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে ২৬ জন ও পরে হাসপাতালে পাঁচজন মারা যান। ফরেনসিক বিশেষজ্ঞরা জিনগত পরীক্ষার মাধ্যমে কয়েকটি বেশি পোড়া লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।
মেক্সিকোর বেসামরিক সুরক্ষা বিভাগের প্রধান লুইস ফেলিপ পুয়েন্তে বলেন, সব আতশবাজি পুড়ে শেষ হওয়ার আগ পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মীদের অপেক্ষা করতে হয়েছে। এরপর তাঁরা আগুন নেভানোর কাজ শুরু করেন। আতশবাজির পুরো বাজারটাই ভস্মীভূত হয়ে গেছে। সেখানে প্রায় ৩০০ দোকান ছিল। আশপাশের বাড়িঘর ও যানবাহনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে।
বিস্ফোরণের কারণ অস্পষ্ট। সম্ভবত বাজারের ভেতর থেকেই আগুনের সূত্রপাত। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।