মেক্সিকোয় বন্দুকধারীদের গুলি, নিহত ২
মেক্সিকোতে গত রোববার অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিবর্ষণে দুই ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। একটি অপেশাদার বেসবল টুর্নামেন্ট চলাকালে বন্দুকধারীরা খেলোয়াড় ও দর্শকদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
এই ঘটনার আগের দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে এক বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৫৩ জন।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর বলেছে, পুয়েবলা স্টেটের এক্যাটজিঙ্গো শহরে বন্দুকধারীরা রোববার ওই হামলা চালায়। ঘটনাস্থল রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে শহরের নিরাপত্তা পরিচালক জেসাস জিমেনেজ জানান, তিনটি গাড়িতে করে কয়েকজন বন্দুকধারী খেলার স্থানটিতে আসে। পরে গাড়ি থেকে নেমে খেলোয়াড় ও দর্শকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে তারা। গুলিতে নিহত দুজনই খেলোয়াড়। তাঁদের একজন ঘটনাস্থলে মারা যান। অপরজন মারা যান হাসপাতালে নেওয়ার পথে।
নিরাপত্তা কর্মকর্তা বলেন, বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন ১১ জন। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর আহত ব্যক্তির সংখ্যা ছয়জন বলে জানিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছে ১২ বছরের একটি শিশুও।