মেক্সিকোর প্রেসিডেন্ট ক্ষুব্ধ, ওয়াশিংটন সফর বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেওয়ার পর ক্ষুব্ধ মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। নিয়েতো গতকাল বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগের দিন বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবিলম্বে দেয়াল নির্মাণ শুরুর নির্বাহী আদেশ জারি করেন। নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন, দেয়াল নির্মাণের ব্যয়ভার শেষ পর্যন্ত মেক্সিকোর সরকারকেই শোধ করতে হবে।
মেক্সিকো এ দেয়াল নির্মাণের বিরোধিতা করে আসছে। দেয়াল নির্মাণের কোনো ব্যয় তারা পরিশোধ করবে না বলেও আগেই জানিয়ে দিয়েছে দেশটি। বাণিজ্য চুক্তির ভারসাম্য নিয়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে এমনিতেই শীতল সম্পর্ক চলছে। ট্রাম্পের আদেশের পর বুধবার রাতেই মেক্সিকোর প্রেসিডেন্ট এক বার্তায় সীমান্ত দেয়াল নির্মাণ ও ব্যয়ভার আদায়ের ঘোষণায় দুঃখ প্রকাশ করেন। তবে তখন ৩১ জানুয়ারির তাঁর ওয়াশিংটন সফর বাতিল করেননি।
ট্রাম্পের নির্বাহী আদেশ ও অবৈধ অভিবাসী ঠেকানোর মার্কিন কৌশল নিয়ে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার রাত পেরোতেই মেক্সিকোর প্রেসিডেন্ট তাঁর ওয়াশিংটন সফর বাতিলের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকো। অভিবাসন নিয়ন্ত্রণ, বাণিজ্য সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, শ্রম সরবরাহ নিয়ে দুদেশের মধ্যে এত দিন সহযোগিতার সম্পর্ক বিদ্যমান ছিল।
পেনা সফর বাতিলের ঘোষণা দেওয়ার পর হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পাইসার সাংবাদিকদের বলেন, বৈঠকটি অনুষ্ঠানে নতুন তারিখ নির্ধারণের চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
প্রেসিডেন্ট নিয়েতোর ওয়াশিংটন সফর বাতিলের পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর টুইট বার্তায় বলেছেন, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি ৬০ শতাংশ। বাণিজ্যঘাটতি ও অন্যান্য আঞ্চলিক বাণিজ্য সুবিধাপ্রাপ্ত দেশ হিসেবে সীমান্তে দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকোকে দিতে হবে। না হলে নিয়েতোর সঙ্গে বৈঠক বাতিল হওয়াই ভালো।