মেক্সিকোয় বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বাংলাদেশ দূতাবাস ১৭ মার্চ মেক্সিকো সিটিতে ‘বিলবাও’ স্কুলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে। অনুষ্ঠানে স্কুলের পরিচালক, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও তিন শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিল।
রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা উপস্থিত ছাত্রছাত্রীদের সামনে বঙ্গবন্ধুর জন্মস্থান, তাঁর বেড়ে ওঠা ও গৌরবোজ্জ্বল রাজনৈতিক সংগ্রাম এবং বঙ্গবন্ধুর হাত ধরে কীভাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে তার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছাত্রছাত্রীরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে চায়। রাষ্ট্রদূত সেসব প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, পশুপাখি ও নদনদীর ওপর ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন।
স্কুলের পরিচালক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে প্রথমেই এমন একটি অনুষ্ঠান ওই স্কুলে আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি বঙ্গবন্ধুর জীবনীর ওপর সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরে ছাত্রছাত্রীদের উজ্জীবিত করার চেষ্টা করেন।
অনুষ্ঠান শেষে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি সংস্কৃতিকে তুলে ধরার অভিপ্রায়ে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়।
তানভীর কবির: দ্বিতীয় সচিব, বাংলাদেশ দূতাবাস, মেক্সিকো সিটি, মেক্সিকো