মেক্সিকোতে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি শহরে গতকাল রোববার পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছয়ে পৌঁছেছে। আহত হয়েছেন শতাধিক।
দেশটির ওয়াহকা রাজ্যের আসুনকিওন নোচিক্সলান শহরে শিক্ষকেরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছিলেন। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। বিক্ষোভরত শিক্ষকেরা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগান। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে অজ্ঞাত বন্দুকধারী গুলি ছোড়ে।
সরকারি শিক্ষাব্যবস্থার সংস্কার ও দুই শিক্ষকনেতাকে আটক করার প্রতিবাদে দ্য ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স কো-অর্ডিনেটর (সিএনটিই) এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।
নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছেন।
জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে বলছে, সংঘর্ষে ২১ পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিতে আহত।