
বলিভিয়ার জঙ্গলে বসবাসকারী একটি গোষ্ঠীর মানুষের হৃৎপিণ্ড সবচেয়ে বেশি সুস্থ। তাদের জীবনযাত্রার ধরনই এই সুরক্ষা দেয়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ খবর দিয়েছেন। প্রভাবশালী চিকিৎসা ‘সাময়িকী’ ল্যানসেট গত শুক্রবার এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ ছেপেছে।
সিমান নামের ওই জনগোষ্ঠী কঠোর পরিশ্রমী। দিন আনে দিন খায়। তাদের নিত্যদিনের খাবারের মধ্যে চর্বির মাত্রা কম, আঁশের পরিমাণ বেশি। আর এসব মানুষ ধূমপান করে না। ঘাম ঝরানো কাজকর্মে ব্যস্ত থাকে। সুস্বাস্থ্যের জন্য এ রকম জীবনযাত্রার গুরুত্বের কথা বেশির ভাগ বিজ্ঞানী একবাক্যে স্বীকার করেন।
গবেষকেরা বলছেন, মূলত কৃষি ও গবাদিপশুর ওপর নির্ভরশীল সিমান উপজাতি মানুষের হৃদ্রোগে আক্রান্ত হওয়ার হার মার্কিনদের তুলনায় পাঁচ গুণ কম। যুক্তরাষ্ট্রে এটি একটি শীর্ষস্থানীয় প্রাণঘাতী রোগ হিসেবে চিহ্নিত।
গবেষণাটি পর্যবেক্ষণমূলক। তার মানে, এটা মানুষের জীবনযাত্রা ও হৃদ্যন্ত্রের সুস্থতার পারস্পরিক সম্পর্ক উন্মোচন করেছে মাত্র। এ কারণে উপসংহার টানেনি। গবেষণা নিবন্ধের সহলেখক নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের হিলার্ড ক্যাপলান বলেন, শারীরিক পরিশ্রমের ঘাটতি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তনকে হৃদ্রোগ ও বুড়িয়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা যায়।
সিমান জনগোষ্ঠীর প্রায় সবাই দিনে চার থেকে সাত ঘণ্টা শারীরিক পরিশ্রম করে—মূলত শিকার, মাছ ধরা ও কৃষিকাজে অংশ নেয়।
হৃদ্রোগের হার কম বলেই সিমান জনগোষ্ঠীর লোকজন সাধারণত ৭০ বছর বয়স পর্যন্ত বাঁচে।