যুক্তরাষ্ট্র-কিউবা বৈরিতার অবসান ঘটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে ‘নতুন অধ্যায়ের’ সূচনা হচ্ছে। খবর বিবিসি ও সিএনএনের।
গতকাল বুধবার বাংলাদেশ সময় মধ্যরাতে হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে বারাক ওবামা এসব কথা বলেন। প্রায় একই সময়ে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ভাষণে তিনি তাঁদের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
বারাক ওবামা বলেছেন, পরিকল্পনা অনুযায়ী ‘৫০ বছরের মধ্যে কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের নীতির এটিই সবচেয়ে বড় পরিবর্তন’। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই কিউবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস খোলা হতে পারে।
ওবামার ভাষণে যেসব বিষয় উঠে এসেছে সেগুলো হলো কিউবা সন্ত্রাসবাদের সমর্থক—এমন দৃষ্টিভঙ্গির পুনর্বিবেচনা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের কিউবা ভ্রমণে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, টেলিযোগাযোগ খাতে উন্নয়ন এবং ৫৪ বছরের পুরোনো বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকের পূর্বশর্ত ছিল বন্দী মুক্তি। এর অংশ হিসেবে কিউবা থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যালান গ্রসকে (৬৫) মুক্তি দেওয়া হয়। আর যুক্তরাষ্ট্র মুক্তি দিয়েছে ফ্লোরিডার কারাগারে থাকা কিউবার তিন নাগরিককে। গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁদের কারাদণ্ড হয়েছিল।
বাংলাদেশ সময় গত বুধবার মধ্যরাতে ওয়াশিংটনের অ্যান্ডুজ বিমানবন্দরে পৌঁছান অ্যালান গ্রস। যুক্তরাষ্ট্রের একটি সরকারি বিমানে তিনি কিউবা থেকে নিজ দেশে ফেরেন।
কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণায় আশা প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, দেশ দুটির মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহায়তা করবে।
অ্যালান গ্রস কিউবায় পাঁচ বছর কারাভোগ করেছেন। কিউবায় ইন্টারনেট সংযোগ ছড়িয়ে নাশকতার চেষ্টার অভিযোগে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়। মানবিক দৃষ্টিতে কিউবা তাঁকে মুক্তি দিয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না হওয়ার সর্বশেষ কারণ ছিল গ্রসকে গ্রেপ্তার ও কারাদণ্ড দেওয়া।
তবে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ওবামা প্রশাসনের কোনো সিদ্ধান্ত কংগ্রেসে অনুমোদন না হওয়ার সম্ভাবনা আছে। তাই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নাটকীয় কোনো পরিবর্তন আশা করা ঠিক হবে না।