যুক্তরাষ্ট্রকে পাল্টা করের হুমকি দিল মেক্সিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির খরচ জোগাতে দেশটির পণ্য আমদানির ওপর একতরফা কর আরোপের যে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, মেক্সিকো সে ব্যাপারে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। গত শুক্রবার দেশটি সতর্ক করে দিয়ে বলেছে, তারাও একই ধরনের পদক্ষেপ নিতে পারে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় নির্দিষ্ট কিছু পণ্য আমদানির ওপর তাঁরা কর আরোপ করতে পারেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই বিতর্কিত দেয়াল নির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শুক্রবার মেরিল্যান্ডে রক্ষণশীল রাজনীতিকদের এক সম্মেলনে বলেছেন, ‘শিগগিরই, নির্ধারিত সময়ের আগেই’ ওই কাজ শুরু হবে।
যুক্তরাষ্ট্র সরকার বলেছে, তারা আগামী মাসেই দেয়াল নির্মাণকাজের নকশা আহ্বানের কাজ শুরু করবে। দেশটির কাস্টমস ও সীমান্ত সুরক্ষা সংস্থা বলেছে, তারা আগামী ৬ মার্চ বা তার মধ্যেই নকশা প্রস্তাব করার জন্য আহ্বান করবে। সেরা নকশাগুলোর সংক্ষিপ্ত তালিকা ২০ মার্চের মধ্যেই চূড়ান্ত করে দরপত্র আহ্বান করা হবে।
ট্রাম্প মেক্সিকোর কাছ থেকেই ওই দেয়াল নির্মাণের খরচ আদায় করবেন বলে একাধিকবার ঘোষণা দিয়েছেন। রয়টার্স জানায়, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের হিসাব অনুযায়ী, এই প্রকল্পে খরচ পড়বে ২ হাজার ১৫০ কোটি মার্কিন ডলার। এটা ট্রাম্পের আনুমানিক হিসাবের (১ হাজার ২০০ কোটি ডলার) চেয়ে অনেক বেশি। মেক্সিকো ওই অর্থ পরিশোধের আহ্বান প্রত্যাখ্যান করলে ট্রাম্প দেশটির পণ্য আমদানির ওপর ২০ শতাংশ বাড়তি কর আরোপের প্রস্তাব করেন।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় শুক্রবার এক বেতার সাক্ষাৎকারে বলেন, তাঁর দেশ মুক্ত বাণিজ্যে বিশ্বাসী। তবে যুক্তরাষ্ট্র যদি মেক্সিকোর পণ্য আমদানির ওপর কর আরোপের মাধ্যমে সীমান্তে দেয়াল নির্মাণের খরচ তোলার চেষ্টা করে, তাঁরা নিশ্চয়ই জবাব দেবেন। মেক্সিকো ব্যাপারটাকে বাস্তবতা হিসেবেই মোকাবিলা করবে, কেবল মৌখিক হুমকি হিসেবে নয়।
বিতর্কিত দেয়াল নির্মাণের বিষয়টি মেক্সিকোর রাজনীতিতে এখন একটি সংবেদনশীল বিষয়। দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো গত মাসে এ নিয়ে বিতর্কের জেরে ট্রাম্পের সঙ্গে নির্ধারিত বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেন। তিনি তখনো বলেন, মেক্সিকো ওই দেয়াল নির্মাণের খরচ দেবে না।