যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিদেল কাস্ত্রো
ফিদেল কাস্ত্রো

যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করার বিষয়ে মৌন সমর্থন দিয়েছেন কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। তবে এই কমিউনিস্ট নেতা এ-ও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নীতির প্রতি আমার বিশ্বাস নেই।’ খবর বিবিসির।
গত সোমবার এক চিঠিতে ওপরের কথাগুলো বলেন কাস্ত্রো। চিঠিটি কিউবার সরকার নিয়ন্ত্রিত পত্রিকা গ্রানমায় প্রকাশিত হয়। গত ডিসেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এই প্রথম এ বিষয়ে কাস্ত্রোর কোনো মন্তব্য পাওয়া গেল। সম্পর্ক স্থাপন নিয়ে গত সপ্তাহেই দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনা হয়।
গ্রানমায় ছাপা হওয়া চিঠিতে কাস্ত্রো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনো একটি শব্দও আমি বলিনি। তবে এর মানে এই না যে আমি দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাখ্যান করছি।’
কাস্ত্রো আরও বলেন, ‘আমরা বিশ্বের প্রতিটি দেশের মানুষের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের পক্ষে থাকব। এমনকি তারা যদি আমাদের রাজনৈতিক শত্রুও হয়।’
৮৮ বছর বয়সী ফিদেল কাস্ত্রো তাঁর ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করে ২০০৮ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান। রাজনৈতিক জীবনের পুরোটাই ফিদেল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বড় ভাই ফিদেলের অনুমতি না নিয়ে রাউল যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ করার প্রক্রিয়া শুরু করেননি। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্থাপনের প্রক্রিয়া শুরু হলেও এ নিয়ে কোনো মন্তব্য না করায় ফিদেল মারা গেছেন বলেও রটে যায়। দৃশ্যত এই রটনার পরিপ্রেক্ষিতেই তিনি যে ভালো আছেন, তা প্রমাণ করতে সম্প্রতি সাবেক ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনার কাছে চিঠি লেখেন ফিদেল কাস্ত্রো।